ধার নিয়েছিলেন ১ হাজার, ৩৫ বছর সুদে-আসলে ফেরত দিলেন ২৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১৯:২৪ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৯:৩৩

ফোন নম্বর নেই, নেই কোনও ঠিকানা বা যোগাযোগের মাধ্যম। শুধু টিকে ছিল এক টুকরো আবছা স্মৃতি আর কয়েক দশক আগের এক মৌখিক প্রতিশ্রুতি। সেই সম্বল নিয়েই দীর্ঘ ৩৫ বছর পর পুরোনো বন্ধুর খোঁজে কেরালা থেকে তেলেঙ্গানায় পাড়ি জমালেন ইসমাইল নামের এক ব্যক্তি। উদ্দেশ্য একটাই, সৌদি আরবে থাকার সময় বন্ধুর কাছ থেকে নেওয়া ধারের টাকা পরিশোধ করা। অবশেষে গত ৯ জুলাই তেলেঙ্গানার জাগতিয়াল জেলার ধর্মপুরীতে গিয়ে ইসমাইল তার পুরোনো সহকর্মী ও বন্ধু এদলা লাচান্নাকে খুঁজে পান এবং বহু বছর আগের সেই ঋণ শোধ করে এক অনন্য সততার নজির গড়েন।

ইসমাইল ও লাচান্নার বন্ধুত্বের শুরু ১৯৯১ সালে, সৌদি আরবের আবকাইক শহরে কাজ করার সময়। সেখানে আরও তিন প্রবাসী কর্মীর সঙ্গে প্রায় পাঁচ বছর একই বাসায় থাকতেন তারা। সে সময়ই লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন ইসমাইল, তৎকালীন ভারতীয় মুদ্রায় যা ছিল মাত্র ১ হাজার রুপির মতো। টাকা নেওয়ার সময় ইসমাইল কথা দিয়েছিলেন, সুযোগ পেলেই তিনি এই ধার শোধ করবেন। এর কিছুদিন পরই লাচান্না ভারতে ফিরে আসেন। সে সময় মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার চল না থাকায় একপর্যায়ে দুজনের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টাকার অঙ্ক বড় না হলেও ইসমাইল তা কখনও ভুলে যাননি।

সম্প্রতি তিনি তার পুরোনো বন্ধুকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। কাজটি মোটেও সহজ ছিল না। ইসমাইলের শুধু মনে ছিল লাচান্নার বাড়ি ধর্মপুরী এলাকায়। এই একটিমাত্র তথ্যের ওপর ভিত্তি করে অনলাইন সার্চ ও স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে তিনি অবশেষে বন্ধুর হদিস পান। লাচান্না বর্তমানে আবারও উপসাগরীয় একটি দেশে কর্মরত থাকায় তার পরিবারের হাতে ২৫ হাজার রুপি তুলে দেন ইসমাইল। পরে লাচান্নার সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলেও কথা বলেন তিনি।

৩৫ বছর আগে দেওয়া মাত্র ১২০ রিয়ালের বিপরীতে ২৫ হাজার টাকা ফেরত পেয়ে প্রচণ্ড বিস্মিত ও আপ্লুত লাচান্না। ইসমাইলকে একজন অত্যন্ত সৎ ও দয়ালু মানুষ হিসেবে আখ্যায়িত করে লাচান্না বলেন, আমরা সৌদি আরবে একসঙ্গে রান্না করে খেতাম, সেখান থেকেই আমাদের বন্ধুত্ব। এত বছর পর ও কীভাবে ১২০ রিয়ালের হিসাব করে ২৫ হাজার টাকা দিলো, আমি জানি না। ও টাকার সঙ্গে সুদ যোগ করেছে কি না তাও নিশ্চিত নই। তবে ও যে এত বছর পরও নিজের প্রতিশ্রুতি রেখেছে এবং টাকা ফেরত দিয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ। এটি আমাদের বন্ধুত্বের গভীরতারই বহিঃপ্রকাশ।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের পক্ষে খলিলুর রহমানের নতুন অঙ্গীকার
জাতিসংঘে বাংলাদেশের পক্ষে খলিলুর রহমানের নতুন অঙ্গীকার
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল? হলুদের সঙ্গে মিশিয়ে নিন এই ৩ উপকরণ
ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল? হলুদের সঙ্গে মিশিয়ে নিন এই ৩ উপকরণ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো