অমৃতসরি কুলচা, ছোলা কিংবা মশলাদার পাঞ্জাবি থালি; যেকোনও মুখরোচক খাবারের স্বাদ এক চিমটিতে বহুগুণ বাড়িয়ে দিতে বড় এক গ্লাস ঠান্ডা লাচ্ছির জুড়ি নেই। দই দিয়ে তৈরি ও ওপরে ঘন মালাইয়ের আস্তরণ দেওয়া এই পানীয়টি বংশ পরম্পরায় উত্তর ভারতীয় পরিবারগুলোর খাদ্যাভ্যাসের প্রধান অংশ। বর্তমানে পুরো ভারতে বিভিন্ন স্বাদে লাচ্ছি পাওয়া গেলেও একটি নির্দিষ্ট শহর ভারতের ‘লাচ্ছি রাজধানী’ হিসেবে পরিচিত লাভ করেছে। ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত পাঞ্জাবের অমৃতসরকেই বলা হয় ভারতের লাচ্ছি রাজধানী।
অন্যান্য অঞ্চলের পাতলা লাচ্ছির চেয়ে অমৃতসরের লাচ্ছি অনেক বেশি ঘন, সরযুক্ত ও তৃপ্তিদায়ক। ঐতিহ্যবাহী উপায়ে তাজা দই ফেটিয়ে মসৃণ করার পর ওপরে মালাইয়ের ঘন স্তর দিয়ে এটি পরিবেশন করা হয়। কিছু দোকানে বাদাম কুচি, জাফরান বা এলাচ দেওয়া হলেও এখানকার ক্লাসিক মিষ্টি লাচ্ছিই সবচেয়ে জনপ্রিয়। বড় স্টিলের গ্লাস কিংবা মাটির কুলহাড়ে পরিবেশন করা এই লাচ্ছি শহরের খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
অমৃতসরে লাচ্ছি শুধু একটি সাধারণ পানীয় নয়, বরং খাবারের অন্যতম প্রধান সঙ্গী। স্থানীয়রা এটি অমৃতসরি কুলচা, ছোলে, পুর দেওয়া পরোটা, পনিরের পদ কিংবা সমৃদ্ধ পাঞ্জাবি থালির সঙ্গে খেতে ভালোবাসেন। পাঞ্জাবি খাবারের মশলাদার ও ঝাল স্বাদকে দারুণভাবে ভারসাম্যপূর্ণ করে লাচ্ছির এই ঠান্ডা ও ক্রিমি স্বাদ।
অমৃতসরের বেশ কিছু পুরোনো ডেইরি শপ কয়েক দশক ধরে লাচ্ছি বিক্রি করে আসছে। মিষ্টি ক্লাসিক লাচ্ছি ছাড়াও গোলাপের সিরাপ, আম, কেসর ও ড্রাই ফ্রুটস দেওয়া বিভিন্ন স্বাদের লাচ্ছি এখানে পাওয়া যায়। সকালের নাস্তা থেকে শুরু করে শহরের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়ানোর ফাঁকে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি উপভোগ করা অমৃতসরের নিত্যদিনের জীবনের অংশ। এই সমৃদ্ধ ডেইরি ঐতিহ্য ও রেসিপি ধরে রাখার কারণেই অমৃতসরকে ভারতের ‘লাচ্ছি রাজধানী’ বলা হয়।
সূত্র: এনডিটিভি

কোন উড়োজাহাজকে বলা হয় ‘আকাশের সম্রাট’