ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের তুমাকুরু শহরের একটি গয়নার দোকানে ঘটেছে এক অবিশ্বাস্য চুরির ঘটনা। সাধারণ কোনও সিঁধেল চোর নয়, দোকান থেকে প্রায় ১২ হাজার ডলার মূল্যের স্বর্ণের আংটি ও চেইন চুরি করে খবরের শিরোনামে উঠে এসেছে একটি ইঁদুর।
সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় ফেলে দেওয়া এই অদ্ভুত কাণ্ডটি ধরা পড়ে যখন দোকানের কর্মীরা রুটিন মাফিক স্টক পরীক্ষার সময় কয়েকটি স্বর্ণের গয়না নিখোঁজ দেখতে পান।
দোকানে কোনও তালা ভাঙা বা চুরি-ডাকাতির কোনও সুস্পষ্ট আলামত না পেয়ে রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কর্মীরা। ফুটেজে দেখা যায়, একটি ইঁদুর বারবার ডিসপ্লে এরিয়া থেকে সোনার আংটি ও চেইন টেনে দোকানের মেঝের নিচে থাকা একটি ছোট ছিদ্র দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে।
পরবর্তীতে ইঁদুরটির যাতায়াতের রাস্তা অনুসরণ করে মেঝের নিচের সুড়ঙ্গ ধরে অনুসন্ধান চালান দোকান কর্মচারীরা। সেখানে ইঁদুরটির মাটির নিচের গর্তের সন্ধান মেলে, যেখান থেকে লুকানো অবস্থায় নিখোঁজ হওয়া সকল স্বর্ণের গয়না অক্ষত উদ্ধার করা হয়।
ইঁদুরের গয়না চুরির এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে দাঁড়ায়। পুরো চুরির রহস্য জট খোলার পাশাপাশি চুরি হওয়া সমস্ত সোনার অলংকার অক্ষত অবস্থায় ফেরত পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন দোকানের মালিক ও কর্মচারীরা।
সূত্র: গালফ নিউজ

‘প্রকৃত মুসলিম গোহত্যা করে না’ মন্তব্যে সমালোচনার মুখে ভারতের পুলিশ কর্মকর্তা







