পুলিশ সদস্যদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুর্নীতি ও অনিয়মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে চাকরিচ্যুত, বরখাস্ত এবং আইন অনুযায়ী ফৌজদারি মামলা করার ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মন্ত্রীর লিখিত জবাবটি সংসদে টেবিলে উপস্থাপন করা হয়।
দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তি
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদস্যদের দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে চাকরিচ্যুত ও বরখাস্তের পাশাপাশি আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরসহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে।
পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়াতে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
অনলাইনে নেওয়া হচ্ছে বিভিন্ন সেবা
সেবাগ্রহীতাদের সঙ্গে পুলিশের সরাসরি আর্থিক লেনদেন বন্ধে বিভিন্ন সেবা অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স, ট্রাফিক ফাইন প্রদান, অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) এবং অন্যান্য সেবামূলক কার্যক্রম রয়েছে।
পুলিশের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে পরিচয় প্রকাশ না করেও অভিযোগ জানাতে পারেন, সে জন্য ‘কমপ্লেইন সেল’ চালু করা হয়েছে বলেও সংসদকে জানান তিনি।
নিয়োগ-পদোন্নতিতে মেধা ও যোগ্যতা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সক্ষমতা, মেধা ও যোগ্যতাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার করা হচ্ছে।
হেফাজতে নির্যাতন বন্ধে আইন সংশোধনের উদ্যোগ
পুলিশি হেফাজতে নির্যাতন ও ক্ষমতার অপব্যবহার বন্ধে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ঔপনিবেশিক আমলের আইন পরিবর্তনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি নৈতিক শিক্ষার ব্যবস্থাও করা হয়েছে বলে সংসদে দেওয়া লিখিত জবাবে জানানো হয়।









