ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। পর্দায় জুটি বেঁধে দর্শকের ভালোবাসা পাওয়া এই দুই তারকা বাস্তব জীবনেও দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গী। নানা চড়াই-উতরাই পেরিয়ে তাদের দাম্পত্য জীবন পেরিয়েছে ৩১ বছর।
গত ২ আগস্ট ছিল ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী। ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন দুই তারকা।
এদিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের একটি স্থিরচিত্র প্রকাশ করেন। যেখানে নববধূ ও বর সাজে বসে আছেন ওমর সানী ও মৌসুমী। অভিনেতাকে আংটি পরিয়ে দিচ্ছেন তার শ্বশুর ও শাশুড়ি।
ক্যাপশনে সানী লেখেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা, পাশে আমার শ্বশুর সাহেব, একটা মধুর অনুভূতি জীবনের।’
এই দিনে শ্বশুরকে মিস করছেন জানিয়ে ‘কুলি’ খ্যাত অভিনেতা লেখেন, ‘এই ছবির আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসি। আর আম্মা শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী।’
এই তারকা দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান ফারদিন ও ফাইজা।
১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জাসহ আরও অনেকে সিনেমায় তারা জুটি বাঁধেন।








