জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি দ্রব্যমূল্যে প্রভাব ফেলবে? কী বলছেন অর্থনীতিবিদরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৫

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা-বাগান ফ্যাক্টরি মাঠে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্য কঠোর মনিটরিং করা হবে।’

তবে দেশের অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহন খাতে। ডিজেলের দাম বাড়ায় বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন পরিবহনের পরিচালন ব্যয় বাড়বে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বাড়ানোর চাপ তৈরি হতে পারে।

পরিবহন ব্যয় বাড়লে কৃষিপণ্য, কাঁচামাল ও ভোগ্যপণ্য বাজারজাত করার খরচও বাড়তে পারে। ব্যবসায়ীরা বাড়তি খরচ পণ্যের দামের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করলে সরকার নিরুপায়। তবে এটাও ঠিক যে এর সবচেয়ে বড় ভোগান্তির শিকার হবেন সাধারণ মানুষ। শুধু খাদ্য নয়, খাদ্যবহির্ভূত পণ্যের ওপরও এর প্রভাব পড়বে।’

তিনি বলেন, সরকার পে স্কেল ঘোষণা করেছে, সেখানে সরকারকে বাড়তি ৩৭ হাজার কোটি টাকা দিতে হবে। সব ক্ষেত্রেই সরকারকে বাড়তি খরচের দিকে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার একটি কাজই করতে পারে; পরিবহনে ভাড়া বাড়ার ক্ষেত্রে যাতে ন্যায্য পরিমাণে বাড়ে, তা নিশ্চিত করা। সব সময় দেখা যায়, তেলের দাম বাড়ার পর অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। সেটি বন্ধ করা জরুরি।

এদিকে কৃষিতেও যে দাম ধরা হবে, সেটিই যেন রাখা হয়, তা মনিটরিং করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি বলেন, নিত্যপণ্যের ক্ষেত্রে বাজারভিত্তিক কাঠামোতে যেতে হবে। একটি স্বয়ংক্রিয় মূল্যকাঠামোতে যাওয়া গেলে সাধারণ মানুষ কিছুটা সুবিধা পাবে। সে যদি জানতে পারে আগামী সপ্তাহে দাম কেমন থাকতে পারে, তাহলে সে অনুযায়ী অর্থনৈতিক প্রস্তুতি নিতে পারবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ও পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতার ওপর চাপ পড়বে। আয় অপরিবর্তিত থাকলেও দৈনন্দিন ব্যয় বেড়ে গেলে পরিবারগুলোর সঞ্চয় ও অন্যান্য খাতে ব্যয়ের সুযোগ কমতে পারে। বিশেষ করে সীমিত আয়ের মানুষকে বাড়তি ব্যয় সামলাতে বেশি চাপের মুখে পড়তে হবে।

অর্থনীতিবিদ আনু মুহম্মদ বলেন, আওয়ামী লীগ সরকারও একটি শ্রেণিকে অগ্রাধিকার দিতে গিয়ে জিনিসপত্রের দাম বাড়াতো। এখন সরকারও একই কাজ করছে। যখন সারা বিশ্বের সংকটের কথা বলা হচ্ছে, তখন এই সময়ে পে-স্কেল দেওয়া বা মেগা প্রকল্প কি জরুরি ছিল?

তিনি বলেন, লোকসানের নানা কথা বলা হলেও আগে যখন তেলের দাম কম ছিল, তখন বিপিসি লাভ করেছে। তাহলে এখন লোকসান হলেও সেটি দাম না বাড়িয়েও পোষানো যেতো। সব কিছু জনগণের ঘাড়ে চাপানোটা সরকারগুলোর একটি নিয়মে পরিণত হচ্ছে।

আনু মুহম্মদ বলেন, এখনই এসব করা সমুচিত হয়নি। মনে হচ্ছে, সরকার নিজেই নিজের জনপ্রিয়তা কত দ্রুত কমানো যায়, সেই প্রতিযোগিতায় নেমেছে। ইমপ্যাক্ট বিবেচনা করা হচ্ছে না একেবারেই। অন্য দেশের সঙ্গে যে তুলনা করা হয়, সেটিও ঠিক নয়। কারণ অন্য দেশের তুলনায় আমাদের আয় অনেক কম।

সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক প্রভাব পরিবহন খাতে পড়বে। পরে কৃষি, শিল্প ও পণ্য উৎপাদনেও এর প্রভাব ছড়িয়ে পড়বে। তার মতে, ডিজেলের ব্যবহারকারী শুধু পরিবহন খাত নয়; কৃষি ও শিল্পেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে সব ধরনের জ্বালানির দাম একইভাবে বাড়ানোর ক্ষেত্রে নিম্নআয়ের মানুষের ওপর প্রভাব কতটা পড়ছে, সেটি বিবেচনা করা প্রয়োজন।

সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হানও মনে করেন, উচ্চ মূল্যস্ফীতির সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ক্রয়ক্ষমতার ওপর নতুন চাপ তৈরি করবে। বিশেষ করে শহরের নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, ডিজেলনির্ভর কৃষক পরিবার এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা বেশি ঝুঁকিতে পড়বেন।

/এসও/ইউএস/

/এসও/ইউএস/
সম্পর্কিত
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জনজীবনে
সর্বশেষ খবর
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
হাইওয়ে থানার সামনে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
হাইওয়ে থানার সামনে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার