বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশ

ফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৬

রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য রয়েছে ফুট ওভারব্রিজ। তবে এসবের কোনওটিতে দোকানপাট বসিয়ে চলাচল কঠিন করে তোলা হয়েছে, কোনওটিতে ভাসমান মানুষ ও মাদকাসক্তদের আস্তানা। কোথাও আবার দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য বন্ধ। ফলে পথচারীদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা।

এমনই একটি ব্যস্ত ওভারব্রিজ ফার্মগেট ফুট ওভারব্রিজ। দীর্ঘদিন এটি প্রায় হকারদের দখলে ছিল। ফলে নিয়মিত চলাচলকারীদের ভোগান্তিতে পড়তে হতো।

ফার্মগেট মোড়ের ওভারব্রিজে উঠলে মনে হতো ছোটখাটো একটি বাজার। নারী, পুরুষ ও শিশুদের পোশাক, গয়না, বেল্ট, মোজা, ব্যাগ, সানগ্লাস, খেলনা, সুগন্ধি, চুলের ব্যান্ড-ক্লিপ, হেডফোন-চার্জারসহ নানা পণ্য বিক্রি হতো। পাশাপাশি ছিল বাদাম, আমড়া, ছোলা, ঝালমুড়ি, সিম বিক্রি ও ওজন মাপার ব্যবস্থা। এমনকি বসানো ছিল পাঞ্চিং বক্সও।

তবে সেই চিত্র এখন বদলে গেছে। ফুট ওভারব্রিজটি এখন কেবল সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন নিয়মিত চলাচলকারীরা।

ফার্মগেট ওভারব্রিজ আগে যেমন ছিল (ফাইল ছবি)

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট মোড়ের এই ওভারব্রিজে গিয়ে হকারমুক্ত চিত্র দেখা যায়।

গত ৫ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনে ‘কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের হস্তক্ষেপে রাজধানীর ফার্মগেট ফুট ওভারব্রিজ হকারমুক্ত করা হয়। হকার উচ্ছেদের পর এখনও আগের অবস্থায় ফেরেনি ওভারব্রিজটি।

হকাররা যাতে আবারও ওভারব্রিজ দখল করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখার কথা জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

স্বস্তি চলাচলকারীদের, ওঠা-নামার রাস্তাও হকারমুক্ত চান

ফার্মগেট ফুট ওভারব্রিজ দিয়ে প্রায় নিয়মিত রাস্তা পারাপার হন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আবদুল্লাহ। আগে হকারদের কারণে চলাফেরায় ঝামেলায় পড়তে হতো তাকে। এখন ওভারব্রিজটি হকারমুক্ত হওয়ায় চলাচলে অনেক সুবিধা হয়েছে বলে জানান তিনি।

ওভারব্রিজজুড়ে ছিল বিভিন্ন জিনিসের দোকান

মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওভারব্রিজটা এখন হকারমুক্ত হওয়ায় আমাদের চলাফেরায় অনেকটাই সুবিধা হয়েছে। আগে ওরা (হকার) পুরো রাস্তায়, প্রায় পুরো ওভারব্রিজটাই দখল করে রাখত। মানুষ দুই পাশ দিয়ে হাঁটতে গেলে গায়ে গায়ে ধাক্কা লাগত। এখন মনে হয় একদম ফ্রি, অনায়াসে হাঁটা যায়। চলাচলের জন্য এখন অনেক সুবিধা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মাঝেমধ্যেই এই ওভারব্রিজ দিয়ে চলাফেরা করি। এখন ওভারব্রিজটা ফাঁকা হয়েছে, কিন্তু ওভারব্রিজে ওঠার যে রাস্তাটা, সেটা এখনও হকারের দখলে আছে। ব্রিজের গোড়ার দিকটা একটু ফাঁকা করতে পারলে আমাদের আরও একটু চলাফেরার সুবিধা হতো।’

মেয়েকে নিয়ে স্কুলে যাতায়াত করতে প্রতিদিনই ফার্মগেটের ওভারব্রিজ ব্যবহার করেন বিভা ভেরোনিকা গোমেজ। তবে এই ওভারব্রিজ দোকানপাটে ভর্তি থাকায় প্রতিদিনই যাতায়াতে ভোগান্তিতে পড়তে হতো তাকে। দোকানপাট উচ্ছেদের পর এখন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন তিনি। তবে ওভারব্রিজের সঙ্গে ওঠার জায়গাটিও হকারমুক্ত হলে চলাচলে সবার সুবিধা হবে বলে জানান তিনি।

বিভা ভেরোনিকা গোমেজ বলেন, ‘এই ওভারব্রিজ হকারমুক্ত হওয়ায় আসা-যাওয়ায় অনেক সুবিধা হয়েছে। হকার থাকলে মাঝখান দিয়ে যেতে হতো। পুরো জায়গা দিয়ে হাঁটা যেতো না। আর এখন হকার না থাকায় পুরো ব্রিজ ব্যবহার করা যায়। সাইড দিয়ে যাওয়া যায়, আসা-যাওয়ার সুবিধা হয়। কিন্তু তখন এটা করা যেতো না।’

তবে ব্রিজে ওঠার মুখে এখনও জায়গাগুলো পুরোপুরি ফাঁকা হয়নি। ছবি: বাংলা ট্রিবিউন

ওভারব্রিজে ওঠার পথ হকারমুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ওভারব্রিজটা ফাঁকা হয়েছে, কিন্তু ব্রিজে ওঠার মুখে এখনও জায়গাগুলো পুরোপুরি ফাঁকা হয়নি। এটা আর একটু প্রশস্ত হলে সুবিধা হতো। যেমন হকার এখনও আছে, ব্রিজের বাইরেই হকার আছে। সেগুলো যদি ওঠানো যেত, তাহলে সুবিধা হতো। তখন ওভারব্রিজে ওঠার রাস্তাটা ক্লিয়ার থাকতো। অথবা ওঠানো না গেলেও একটু ফাঁকা করে উনারা যদি ব্রিজের মুখটা ছেড়ে দিতেন, তাহলে সুবিধা হতো।’

তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল নাঈমা বলেন, ‘আমি যেহেতু প্রতিদিন কলেজে আসি তাই প্রতিদিনই আমাকে এই ওভারব্রিজ ব্যবহার করতে হয়। এখন কিছুদিন ধরে এটা দিয়ে হেঁটে শান্তি পাচ্ছি। এতদিন দোকানপাটে গিজগিজ করতো। পুরো ওভারব্রিজই তাদের দখলে ছিল। শুধু যে দোকান ছিল তা না, এসব দোকানে তো ক্রেতাও থাকতো। তো দেখা যেতো হাঁটার জন্য মাঝখানে কিছুটা রাস্তা থাকতো। বাকিটা ভর্তি থাকতো দোকানদার আর কাস্টমারের ভিড়ে।’

বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান তার জোনে থাকা ফার্মগেট ফুট ওভারব্রিজ কয়েক ঘণ্টার মধ্যেই হকারমুক্ত করেন। এখনও ওভারব্রিজটি হকারমুক্ত রয়েছে। এতে এই ওভারব্রিজ দিয়ে চলাচলকারীরা স্বস্তি প্রকাশ করেছেন। ডিসি মো. ইবনে মিজান জানান, তার এই কার্যক্রম চলমান থাকবে।

ওভারব্রিজ হকারমুক্ত রাখার আশ্বাস ডিসির

এই কার্যক্রম চলমান রাখা হবে কিনা জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবশ্যই থাকবে। আর আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কখনও যদি কোনও আলামত দেখেন, তাৎক্ষণিক, অ্যাটলিস্ট ফোনে না পেলেও টেক্সট করবেন। কারণ অনেক সময় অনেক মিটিংয়ে থাকি, ব্যস্ত থাকি। টেক্সট করলে আমি আবারও ফোর্স পাঠিয়ে জায়গাটা ঠিকঠাক করার চেষ্টা করবো। এখন যেমন আছে।’

ওভারব্রিজে চলাচলকারীরা বলছেন, ওভারব্রিজের সঙ্গে ওঠা-নামার জায়গাটিও হকারমুক্ত করলে তাদের জন্য সুবিধা হবে। এ বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যেহেতু কাজ শুরু করছি, ইনশাল্লাহ এই কাজ চলমান থাকবে। আর ওটাও (ওঠার-নামার জায়গা হকারমুক্ত) আমি দেখছি। সংশ্লিষ্ট আমার অফিসারদের আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি, তারা যেন ওটা খেয়াল রাখে।’

/এএজে/
সম্পর্কিত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২৮৯৭ মামলা
বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ
সর্বশেষ খবর
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার