ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা এবার তিনটি ম্যাচ খেলবে। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে স্ক্যালোনির দল।
তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের শেষের ম্যাচটি ফুটবল বিশ্বের নজর কাড়ছে বিশেষভাবে। কারণ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর আর্জেন্টিনার জার্সিতে এটিই হতে যাচ্ছে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ।
এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির স্কোয়াড থেকে নতুন করে ছিটকে গেছেন দুই ফুটবলার— থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ। উরাকানের বিপক্ষে হারের ম্যাচে খেলার মাত্র ৫ মিনিটের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রিভার প্লেট মিডফিল্ডার আলমাদাকে। পরীক্ষা-নিরীক্ষার পর তার উরুর পেশিতে ‘গ্রেড-১’ মাত্রার চিড় ধরা পড়েছে।
তবে ওই একই ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া তোবিয়াস আনদ্রাদার কোনও পেশির চোট ধরা পড়েনি। বড় ফাঁড়া থেকে বেঁচে যাওয়ায় স্কোয়াডেই রেখে দেওয়া হয়েছে এই ফুটবলারকে।
অন্যদিকে পেশির অস্বস্তি থেকে পুরোপুরি সেরে না ওঠায় লা লিগায় ভিয়ারিয়ালের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি ডিফেন্ডার হুয়ান ফয়েথ। চোট কাটিয়ে উঠতে না পারায় শেষ পর্যন্ত তাকেও স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আর্জেন্টিনা জাতীয় দল তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে জানায়, ‘চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন তিনটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন হুয়ান ফোয়েথ ও থিয়াগো আলমাদা।’
তবে তাদের বদলে নতুন কারও নাম এখনও ঘোষণা করা হয়নি। এর কয়েক দিন আগেই অবশ্য প্রাথমিক স্কোয়াডে একি ফার্নান্দেস, সান্তিয়াগো সিমোন ও ভ্যালেন্তিন গোমেসকে যুক্ত করা হয়েছিল।
তবে স্কোয়াড থেকে বাদ পড়লেও ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ায় বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকবেন ফোয়েথ ও আলমাদা। লিওনেল মেসির এই বিশেষ ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকেই রাখা হচ্ছে।









