কঙ্গোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকভিট থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে উড্ডয়নের পর বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিলে কেনজে এলাকায় এটি বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে দেশটির সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাটালাইয়ে তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়াও রয়েছেন।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে এক বিবৃতিতে বলেন, দুই জেনারেল কর্মকর্তার পাশাপাশি প্রতিনিধি দলের ১২ সদস্য ও বিমানের ক্রুরাও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিকভিট থেকে কিনশাসা যাওয়ার পথে বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরে কেনজে এলাকায় এটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এফোমি একেঙ্গে। তবে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ট্রিফন কিন-কিয়ি মুলুম্বা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
সূত্র: উইয়ন নিউজ
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১