বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা করেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এমনকি আইভিএফের মাধ্যমে সন্তান নেওয়ার জন্য দুইবার বেনামী শুক্রাণুদাতার সাহায্যও নিয়েছিলেন অভিনেত্রী। তবে সেই চেষ্টা সফল হয়নি।
সম্প্রতি ‘রাইস অ্যান্ড ফল সিজন ২’-এর একটি বিশেষ পর্বে নিজের ব্যক্তিগত জীবনের এই তথ্যই প্রকাশ্যে আনেন স্বরা। তার এই মন্তব্য ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
স্বরা জানান, বিয়ের আগে তার মনে হয়েছিল, হয়তো আর বিয়ে হবে না। তাই বাবা-মাকে বুঝিয়ে আইভিএফের মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
অভিনেত্রীর কথায়, বিয়ের আগে বাবা-মাকে বুঝিয়েছিলাম, ‘আমার তো আর বিয়ে হচ্ছে না, তাই আইভিএফ-এর মাধ্যমেই সন্তান নেব’।
এই সিদ্ধান্তের কথা শুনে প্রথমে স্বাভাবিকভাবেই অবাক হয়েছিলেন স্বরার বাবা-মা। পরে মেয়ের ইচ্ছেকে সম্মান জানিয়ে তারা পাশে দাঁড়ান।
স্বরার দাবি, তার বাবা-মা তাকে জানিয়েছিলেন, ভারতের মতো দেশে এই প্রক্রিয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে তিনি যদি সত্যিই সন্তান নিতে চান, তাহলে তারা আপত্তি করবেন না।
শুধু পরিকল্পনাতেই থেমে থাকেননি স্বরা। তিনি জানান, আইভিএফের প্রক্রিয়াও শুরু করেছিলেন। দুইবার বেনামী শুক্রাণুদাতার সাহায্য নিয়ে মা হওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। তবে দুইবারই সেই চেষ্টা ব্যর্থ হয়।
স্বরা বরাবরই ব্যক্তিগত জীবন ও নানা সামাজিক বিষয় নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত। ফলে তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশ তার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন, আবার কেউ কেউ তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এর আগেও ‘জহর প্রথা’ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন স্বরা। এবার বিয়ের আগে মা হওয়ার চেষ্টা এবং আইভিএফ নিয়ে তার বক্তব্য ঘিরে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী।
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি