মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের আওতাধীন অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ছাড়া সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্টদের ১৫ কর্মদিবসের মধ্যে পারসোনেল ডেটা শিট (পিডিএস) হালনাগাদের নির্দেশ দিয়েছে অধিদফতর।
রবিবার (১৮ অক্টোবর) মাউশির পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, অধিদফতর ও এর আওতাধীন অফিস-শিক্ষাপ্রতিষ্ঠানে রাজস্ব খাতের শূন্য পদের তথ্য এবং কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের তথ্য হালনাগাদ করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের apps.emis.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
পিডিএসে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে এ ডাটাবেজের তথ্য ব্যবহার করা হবে।
নির্দেশনায় সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানপ্রধানদের অধীন কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পিডিএস হালনাগাদ নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ কাজে কারিগরি সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা