গুগল অ্যাকাউন্টে গোপনে ফোন নম্বর যুক্ত হচ্ছে, বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪

অ্যান্ড্রয়েড ফোনে সিম কার্ডের নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে এক বছরেরও বেশি সময় ধরে ডিভাইসে লগইন করা সব গুগল অ্যাকাউন্টের সঙ্গে গোপনে যুক্ত করার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে। এ ব্যবস্থায় ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি কর্মক্ষেত্রে ব্যবহৃত ও সেকেন্ডারি অ্যাকাউন্টসহ ডিভাইসে লগইন করা সব গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর যুক্ত হচ্ছে। তবে ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়াই এ প্রক্রিয়া চালু থাকায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গুগলের সাপোর্ট পেজে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের প্রাথমিক সেটআপের সময় ফোন নম্বর যাচাইয়ের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। ফোনে আগে থেকে লগইন করা অ্যাকাউন্টগুলোর পাশাপাশি পরবর্তী সময়ে যোগ করা অ্যাকাউন্টেও নম্বর যুক্ত করা হয়। এমনকি সিম কার্ড পরিবর্তন করে নতুন নম্বর ব্যবহার শুরু করলেও সেটি ডিভাইসে লগইন করা গুগল অ্যাকাউন্টগুলোর সঙ্গে যুক্ত করা হয়। গুগল ও মোবাইল অপারেটর পর্যায়ক্রমে নম্বরটি আবার যাচাইও করতে পারে।

গুগলের কাছ থেকে স্বয়ংক্রিয় ফোন নম্বর যাচাইয়ের ই-মেইল পাওয়ার পর ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গুগল প্লে সার্ভিসেসের পরিবর্তনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের দিকে ফোন নম্বর যাচাইয়ের এ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালুর বিষয়টি নথিভুক্ত হয়। একই বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে গুগলের সাপোর্ট পেজে এ সংক্রান্ত পরিবর্তন আনা হয়েছিল।

গুগলের ব্যাখ্যা অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ, অ্যাকাউন্ট পুনরুদ্ধার, হারানো ডিভাইস খুঁজে পাওয়া এবং জরুরি অবস্থায় অবস্থান শনাক্ত করার মতো সুবিধা সচল রাখা হয়। এ ছাড়া আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) বার্তা ও ভিডিও কল এবং কুইক শেয়ারের মতো সুবিধাতেও ফোন নম্বর ব্যবহৃত হতে পারে। তবে একই ডিভাইসে থাকা সব অ্যাকাউন্টের সঙ্গে নম্বর যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে ব্যবহারকারীদের প্রশ্ন রয়েছে।

বন্ধ করবেন যেভাবে

বহারকারীরা চাইলে এই সুবিধাটি বন্ধ রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে গুগল> অল সার্ভিসেস> ফোন নম্বর ভেরিফিকেশন অপশনে গিয়ে ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করার সুবিধাটি বন্ধ করতে পারেন। ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণভেদে মেনুর নাম বা অবস্থানে কিছুটা পার্থক্য থাকতে পারে।

তবে স্বয়ংক্রিয় যাচাই বন্ধ করলেই আগে থেকে যুক্ত হওয়া নম্বর সব অ্যাকাউন্ট থেকে মুছে যাবে না। সেগুলো সরাতে প্রতিটি গুগল অ্যাকাউন্টে আলাদাভাবে প্রবেশ করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট> পার্সোনাল ইনফো> ফোন বিভাগে যেতে হবে। সেখানে সংযুক্ত ফোন নম্বর পরীক্ষা করে প্রয়োজন হলে সরিয়ে দিতে হবে। ফোনে একাধিক অ্যাকাউন্ট থাকলে প্রতিটির ক্ষেত্রেই একইভাবে পরীক্ষা করতে হবে।

তবে স্বয়ংক্রিয় নম্বর যাচাই বন্ধ করলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও আরসিএস বার্তার মতো কিছু সুবিধা ব্যবহারে প্রভাব পড়তে পারে। তাই সেটিংস পরিবর্তনের আগে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য বিকল্প ফোন নম্বর বা অন্য কোনও পদ্ধতি যুক্ত আছে কি না, তা যাচাই করে নেওয়া ভালো।

/এসএইচএম/
সম্পর্কিত
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
ডিজিটাল ওয়ালেট কত ধরনের হয়?
রাজউকের পারমিট সেবায় ডিজিটাল গতি
সর্বশেষ খবর
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার