ইন্টারনেটে ঘ্রাণ পাঠাবে ‘সেন্ট্রনিক’, দূরে বসেই পাবেন কফি-কেকের সুবাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩

ইন্টারনেটের মাধ্যমে ছবি-ভিডিও কিংবা বার্তা আদান-প্রদান সকলের নিত্যদিনের অনলাইন অভ্যাসে পরিণত হলেও কোনকিছুর ঘ্রাণ অনলাইনে পাওয়ার সুযোগ এখনও কল্পনাতীত। তবে সম্প্রতি আলোচিত ‘সেন্ট্রনিক’ নামের নতুন এক প্রযুক্তি এ ধারণা বদলে দিতে পারে। প্রযুক্তিটি প্রথমে বিশেষ সেন্সরের সাহায্যে কোনও ঘ্রাণ শনাক্ত করে এবং ইন্টারনেটের মাধ্যমে যন্ত্রে দূরবর্তী স্থানে সেই তথ্য পাঠায়। এরপর সেই যন্ত্র থেকে সংশ্লিষ্ট ঘ্রাণ তৈরি করা হয়। ফলে ভবিষ্যতে ভিডিও কল, ভার্চুয়াল বাস্তবতা কিংবা অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতায় ছবি ও শব্দের পাশাপাশি ঘ্রাণও যুক্ত করা সম্ভব হতে পারে।

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা প্রযুক্তিটি তৈরি করেছেন। গবেষক দলের প্রধান বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডক্টরাল শিক্ষার্থী চুনইয়ু ইয়াং। তাদের গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী সাইন্স অ্যাডভান্সেস-এ। সেন্ট্রনিক ব্যবস্থায় রয়েছে ‘ইলেকট্রনিক নোজ’বা কৃত্রিম নাক, যা গ্যাস সেন্সরের সাহায্যে বিভিন্ন ঘ্রাণের সঙ্গে সম্পর্কিত রাসায়নিক উপাদান শনাক্ত করে। এরপর মেশিন লার্নিং মডেল সেই সংকেত বিশ্লেষণ করে পরিচিত গন্ধের শ্রেণি নির্ধারণ করে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য পৌঁছে যায় অন্য প্রান্তের সুগন্ধ তৈরির যন্ত্রে।

বর্তমানে সেন্ট্রনিকের কৃত্রিম নাক পাঁচ ধরনের ঘ্রাণ শনাক্ত করতে পারে। সেগুলো হলো-বিয়ার, কেক, কফি, কমলা ও রেড ওয়াইন। ঘ্রাণ শনাক্ত করার যন্ত্রটির ব্যাস প্রায় ১৫ সেন্টিমিটার। এটি বহনযোগ্য হলেও শরীরে পরার উপযোগী নয়। অন্যদিকে, সুগন্ধ তৈরির যন্ত্রের হাতঘড়ির মতো ব্যান্ড, গলার মালা ও হাতে ধরে ব্যবহারের সংস্করণ তৈরি করেছেন গবেষকেরা। পরীক্ষায় কৃত্রিম নাকের ঘ্রাণ শনাক্ত করার সক্ষমতা এবং তৈরি করা সুগন্ধ মানুষের কাছে কতটা সঠিক মনে হয়, তা যাচাই করা হয়েছে।

গবেষকদের মতে, ভবিষ্যতে এ প্রযুক্তির সাহায্যে দূরে থাকা স্বজনদের কাছে খাবারের ঘ্রাণ পাঠানো, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করা এবং অনলাইনে কেনাকাটার আগে নির্দিষ্ট পণ্যের সুগন্ধ যাচাই করার সুযোগ তৈরি হতে পারে। তবে এখনই যেকোনো ঘ্রাণ পাঠানো সম্ভব নয়। নতুন গন্ধ শনাক্ত করতে কৃত্রিম নাককে প্রশিক্ষণ দিতে হবে এবং সংশ্লিষ্ট সুগন্ধি তরলও প্রান্তের যন্ত্রে রাখতে হবে।

প্রযুক্তিটি এখনও গবেষণার প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এটি তৈরির সঙ্গে কোনও কোম্পানি যুক্ত ছিল না। বাণিজ্যিকভাবে ব্যবহারের আগে মিশ্র ঘ্রাণ নির্ভুলভাবে শনাক্ত করা, আরও বেশি ধরনের সুগন্ধ তৈরি, যন্ত্রের আকার ও উৎপাদন খরচ কমানো এবং বারবার সুগন্ধি ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করার মতো চ্যালেঞ্জ রয়েছে। ভবিষ্যতে স্মার্টফোনের সঙ্গে বিশেষ আনুষঙ্গিক যন্ত্র যুক্ত করে এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হতে পারে। তবে সুগন্ধি তরল রাখার পাত্র ও প্রয়োজনীয় যন্ত্রাংশের কারণে সবকিছু সরাসরি ফোনের ভেতরে যুক্ত করা কঠিন হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
উইন্ডোজ ১১-তেই ফোনের সব কাজ, ফিচারটি চালু করবেন যেভাবে
এবার ৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট
সর্বশেষ খবর
এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ
এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ
৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ
প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান