ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বিশ্ব মঞ্চে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে দর্শকদের আগ্রহ যে কতটা, তার প্রমাণ মিললো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদনে। গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ের টিকিট পেতে আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ।
আগামী বছরের ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনালও। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের চাহিদাও ভারত-পাকিস্তান লড়াইকে ছাড়িয়ে যেতে পারেনি। ফাইনালের টিকিট পেতে আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ।
সোমবার আয়োজকেরা জানিয়েছেন, টিকিটের জন্য নির্ধারিত লটারি পদ্ধতিতে এখন পর্যন্ত ১৯৩টি দেশ থেকে প্রায় ৩০ লাখ দর্শক আবেদন করেছেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী ২ অক্টোবর শুরু হবে ১৪ দলের এই বিশ্বকাপ। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। পুরো টুর্নামেন্টের জন্য এখন পর্যন্ত মোট টিকিটের আবেদন জমা পড়েছে ১২ কোটিরও বেশি।
ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশ দলের নেতৃত্বে নাহিদা