বিশ্বজুড়ে ক্রিকেটভক্তদের কাছে ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল। সতীর্থ ও পরিবারের কাছে তিনি মাহি। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অনুষ্কা সেনের কাছে তিনি মাহি চাচু। ইনস্টাগ্রামে ৩ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকা অনুষ্কা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় অধিনায়কের সঙ্গে নিজের আন্তরিক সম্পর্কের কথা জানিয়েছেন।
একসঙ্গে বেশ কিছু বিজ্ঞাপন ও বাণিজ্যিক কাজ করার সূত্রে দুজনের মধ্যে বিশেষ বন্ধন গড়ে উঠেছে। দুজনেরই বাড়ি রাঁচিতে। সম্পর্কটি কীভাবে গড়ে উঠল, সে কথাও বলেছেন অনুষ্কা।
মাশেবল ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমার দেখা হয়েছিল প্রায় ১০ বছর আগে, যখন আমি খুব ছোট। আমি তাকে মাহি চাচু ডাকি। ভ্যানিটিতে ঢুকেই প্রথম যে কথা বলেছিলাম, তা হলো, আপনি রাঁচির, আমিও রাঁচির!
তিনি বলেন, তিনি খুব খুশি হলেন, বললেন, ওহ, তাই নাকি? ওটাই ছিল আমাদের প্রথম কথোপকথন, আর এভাবেই আমরা সংযুক্ত হই।
চারটি সিনেমা ও বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে কাজ করা ২৪ বছর বয়সী এই অভিনেত্রী ধোনির সঙ্গে সম্পর্ক নিয়ে আরও বলেন, তখন থেকে আমাদের সম্পর্ক অভিনেতা-অভিনেতা বা সহকর্মীর মতো ছিল না। এটা ছিল মাহি চাচু আর চিক্কির সম্পর্ক।
তিনি আরও বলেন, তিনি সব সময় সেটে ঢুকেই বলতেন, চিক্কি! আর আমি বলতাম, চাচু! আমরা সাত বছর কাজ করেছি, একসঙ্গে ২১টি বিজ্ঞাপন করেছি।
সূত্র: এনডিটিভি
ঘুমিয়েই সাড়ে ১২ লাখ টাকা জিতলেন নারী