গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনার আগে সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সোমবার (০৯ নভেম্বর) এ খবর প্রকাশ করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সংবাদ সাইট ওয়ালা জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এর আগে ইসরায়েল কয়েক ডজন বিদেশি সামরিক সদস্যকে গাজায় ঢুকতে দেওয়ার কথা বললেও সংখ্যা উল্লেখ করেনি। আগস্টে নেতানিয়াহু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশে অনুমোদনের কথা অস্বীকার করেছিলেন।
ওয়ালার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া। কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তা দিতে চেয়েছে। কসোভো নিরাপত্তা ও পুলিশিং মিশনে অবদান রাখার প্রস্তাব দিয়েছে।
বাহিনী মোতায়েনের পরিকল্পনা কয়েক মাস আগে সামনে এলেও ইসরায়েলি বাধার ইঙ্গিতের মধ্যে এখনো তা গাজায় ঢোকেনি। প্রস্তাবিত এই বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ।
ইসরায়েলি সামরিক মহলের উদ্বেগ
ওয়ালা জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি কী নীতি নিতে পারে এবং বাহিনী কত দ্রুত গাজায় মোতায়েন হতে পারে, তা নিয়ে ইসরায়েলি সামরিক প্রতিষ্ঠানের উদ্বেগ রয়েছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ফলাফলের পর মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নিতে পারেন, এমন আশঙ্কায় উদ্বেগ বেড়েছে। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছ থেকে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই নিয়েছে ডেমোক্রেটিক পার্টি।
নাম প্রকাশ না করা এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ওয়ালাকে বলেন, এটি অকল্পনীয় নয় যে গাজা ডিভিশন ও সাউদার্ন কমান্ড একদিন ঘুম থেকে উঠে দেখবে, আন্তর্জাতিক বাহিনী গাজা ডিভিশনের চেয়েও বড়। তিনি আরও বলেন, ইসরায়েলকে মাঠপর্যায়ে প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। বিস্তারিত বলেননি তিনি।
যুক্তরাষ্ট্রের প্রস্তুতি
ওয়ালার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গাজা সীমান্তের কাছে মার্কিন সেনা ও অন্য দেশের কর্মকর্তাদের দেখা গেছে। দক্ষিণের একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে সুরক্ষিত মার্কিন স্থাপনায় রূপান্তর করা হয়েছে। নাম প্রকাশ না করা ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, গত দুই সপ্তাহে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি কর্মকর্তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, এসব তৎপরতা বহুজাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সকে গাজার গভীরে প্রবেশের প্রস্তুতির অংশ।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সীমান্তের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকায় একটি নির্ধারিত ঘাঁটিতে যানবাহন ও সামরিক সরঞ্জাম সরিয়েছে। এর মধ্যে আছে ট্রাক, অতি-চলমান সাঁজোয়া কর্মীবাহী যান, চিকিৎসা-উদ্ধার যান এবং মেশিনগানসজ্জিত সাঁজোয়া যান। স্থানটি মূলত ইসরায়েলি সামরিক ঘাঁটি ছিল, যা যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করা হয়েছে।
ঘাঁটির চারপাশে গার্ড টাওয়ার, নজরদারি সরঞ্জাম ও আলোর ব্যবস্থা বসানো হয়েছে এবং বেষ্টনী বেড়া মজবুত করা হয়েছে। সশস্ত্র মার্কিন সেনারা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন।
কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?
আমি ধার্মিক মানুষ, স্বর্গে যাবো: ট্রাম্প