যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পেশ করা ফাঁস হওয়া একটি যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। তার দাবি অনুযায়ী, এই পরিকল্পনায় মার্কিন বাহিনী ইরাকি ভূখণ্ড ব্যবহার করে দক্ষিণ ইরানে প্রবেশ করা কিংবা তেহরানের চাপে ইরাক থেকে কুয়েতে হামলার সম্ভাবনা অন্তর্ভুক্ত রয়েছে। ইরাকি সংবাদপত্র আল-মাদা’র এক প্রতিবেদনের বরাতে এ খবর জানা গেছে।
ইরাকের শিয়া রাজনৈতিক দলগুলোর জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক-এর এক বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জাইদি এই তথ্য প্রকাশ করেন। বৈঠকে তিনি জানান, ফাঁস হওয়া মার্কিন যুদ্ধ পরিকল্পনার কিছু অংশ তিনি দেখেছেন, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যুদ্ধে ইরাক বা ইরানি ভূখণ্ডে স্থলযুদ্ধের তিনটি পরিস্থিতির উল্লেখ রয়েছে।
আল-মাদার প্রতিবেদন অনুযায়ী, জাইদি অন্তত দুটি দৃশ্যপট উপস্থাপন করেন। প্রথম পরিস্থিতিতে, মার্কিন স্থল বাহিনী ইরাকি ভূখণ্ড ব্যবহার করে দক্ষিণ ইরানে অভিযান চালাতে পারে। ইরাকের বসরা সংলগ্ন তেলসমৃদ্ধ খোজেনিস্তান প্রদেশে রয়েছে ইরানের প্রধান প্রধান তেলক্ষেত্র ও শোধনাগার। ফলে এই অঞ্চলে মার্কিন সামরিক পদক্ষেপ তেহরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব ফেলবে। ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনও খোজেনিস্তান দখলেই বিশাল অভিযান চালিয়েছিলেন।
দ্বিতীয় পরিস্থিতিতে, কুয়েতে সশস্ত্র অনুপ্রবেশের জন্য তেহরান বাগদাদকে তাদের ভূখণ্ড ব্যবহারের জন্য চাপ দিতে পারে বলে উল্লেখ করা হয়। তেলসমৃদ্ধ কুয়েত দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্র এবং চলমান যুদ্ধে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এর আগে ১৯৯০ সালের আগস্টে সাদ্দাম হোসেনের বাহিনী কুয়েত দখল করেছিল, যা পরবর্তীতে মার্কিন নেতৃত্বাধীন জোটের উপসাগরীয় যুদ্ধের মাধ্যমে প্রতিহত করা হয়। তবে প্রতিবেদেনে তৃতীয় দৃশ্যপট বা এর কোনও প্রাতিষ্ঠানিক অনুমোদনের কথা নির্দিষ্ট করা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের ভৌগোলিক অবস্থানের মাঝে থাকায় ইরাক নিরপেক্ষতার নীতি ঘোষণা করলেও যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছে। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব যেমন তৈরি হয়, তেমনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও শক্তিশালী হয়ে ওঠে। আন্তর্জাতিক সংকট পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-এর মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপ মার্কিন লক্ষ্যবস্তুতে ৭৫০টিরও বেশি হামলা চালিয়েছে। মার্কিন হামলায় প্রথম মাসেই এই গোষ্ঠীগুলোর প্রায় ৮০ জন যোদ্ধা নিহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জাইদি পুনর্ব্যক্ত করেন যে প্রতিবেশীদের ওপর হামলায় ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনও ডিজলা টিভিকে বলেন, আমরা কোনও অক্ষের অংশ নই এবং ইরাককে যুদ্ধক্ষেত্র হতে দেব না। তবে রয়টার্সের খবর অনুযায়ী, ওয়াশিংটন বাগদাদকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র কেড়ে নেওয়া এবং ৬ নভেম্বরের মধ্যে ইরানের সঙ্গে মাত্র দুটি সীমান্ত ছাড়া সব বন্ধের চাপ দিচ্ছে। অন্যদিকে সেপ্টেম্বরে ৫টি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র সমর্পণে বাগদাদের সময়সীমা প্রত্যাখ্যান করেছে। দুই পরাশক্তির চরম টানাটানির মুখে পড়ে ইরাক সরকার এখন তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?
মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিতের মেয়াদ আরও বাড়ালো চীন