ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর ক্ষেত্রে ঘাটতি ছিল দলের।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করে দলকে হার ও সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচিয়েছেন তিনি। তবে ঢাকায় প্রথম টেস্টে আট উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শান্ত জানিয়েছেন, স্পিনসহায়ক উইকেটে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু বিশেষ করে সিলেটে প্রত্যাশিত কন্ডিশন পাওয়া যায়নি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা স্পিনসহায়ক উইকেটে খেলার পরিকল্পনা করেছিলাম। দুই টেস্টের দিকে তাকালে দেখবেন, আমরা তিনজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলেছি। এখনো মনে করি, পরিকল্পনা ঠিক ছিল। কিন্তু আমরা সেটি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘সিলেটে আমরা যেমন কন্ডিশন আশা করেছিলাম, তেমনটা পাইনি। এই দিক থেকে পরিকল্পনায় হয়তো কিছুটা ঘাটতি ছিল।’
বাংলাদেশের প্রত্যাশা ছিল, উইকেটে দ্রুত স্পিন ধরবে। কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনেও সিলেটের উইকেট অনেকটাই ব্যাটিংবান্ধব ছিল। তাছাড়া শান্ত স্বীকার করেছেন যে, স্পিনাররাও প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি। তবে তাদের ওপর আস্থা হারাচ্ছেন না তিনি, ‘দেশে ও দেশের বাইরে টেস্ট জিততে বাংলাদেশ সব সময় স্পিনারদের ওপর নির্ভর করেছে। এত দ্রুত তাদের ওপর আস্থা হারানো উচিত হবে না। গত ১০-১২ বছর ধরে তারা অবদান রেখে আসছে। তাদের পাশে থাকা উচিত। হয়তো দুই-তিনটি সিরিজ তাদের খারাপ যেতে পারে। তবে আমি বিশ্বাস করি, তারা ঘুরে দাঁড়াবে।’
এই সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারেনি বাংলাদেশ। এমনই মন্তব্য করেছেন শান্ত, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি, এটা মেনে নেওয়া জরুরি। এই সংস্করণে আমরা যেভাবে খেলছি, সেই মানের ক্রিকেটের ৫০ শতাংশও হয়তো খেলতে পারিনি। পরিকল্পনা ও বাস্তবায়ন আরও ভালো হলে ফল ভিন্ন হতে পারত।’
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ