পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ দলের ওপর সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এক সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।
বুধবার (১১ অক্টোবর) কোহাটের গামবাত এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২ জন।
কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, অবৈধ খননকাজের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পুলিশের দলটি হামলার শিকার হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে হতাহতের পাশাপাশি পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। হামলায় গামবাতের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হায়দার জামান ও সাব-ইন্সপেক্টর মুখতিয়ার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশের মুখপাত্র আরও জানান, হামলাকারীরা গুলি চালিয়ে যেতে থাকলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য ও গাড়ি পাঠানো হয়। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার পর জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
এ ঘটনায় খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
গভর্নর বলেন, সন্ত্রাসবাদ ও অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ সদস্যদের আত্মত্যাগ পুরো জাতির জন্য গর্বের বিষয়। এসব আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। প্রদেশটির তথ্য, জনসংযোগ, ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনবিষয়ক উপদেষ্টা সামার হারুন বিলৌরও হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফিতনা আল-খাওয়ারিজ ও অপরাধী চক্রের যোগসাজশ আইনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে খাইবার পাখতুনখোয়া পুলিশের আত্মত্যাগ অবিস্মরণীয়। আহত পুলিশ সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের প্রশংসা করেন।
কাশ্মীরবিষয়ক ও গিলগিট-বালতিস্তানবিষয়ক মন্ত্রী আমির মুকামও এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মত্যাগ পুরো জাতির জন্য গর্বের বিষয়।
জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্য
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী