‘ঘুষ’ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদফতর উপ-পরিচালক-১ বনি আমিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষের’ টাকা লেনদেন ও কথোপকথোনের ভিডিও ভাইরাল হয়।
ইফতে খাইরুল ইসলামের বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ অথবা মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় চাকরি বিধিমালা মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম বলেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। কোনও ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’