অর্থায়ন সংকটে রোহিঙ্গা শিশুদের শিক্ষা, সরকারি স্বীকৃতির আহ্বান এইচআরডব্লিউর

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গা শিশুদের শিক্ষাকার্যক্রম দাতা সংস্থার অর্থায়ন কমে যাওয়ায় সংকটে পড়েছে। এ অবস্থায় শিক্ষাকার্যক্রমে পূর্ণ অর্থায়ন এবং রোহিঙ্গাদের পরিচালিত স্কুলগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে এসব স্কুলের পাশে দাঁড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতি এইচআরডব্লিউ জানিয়েছে, শরণার্থী শিবিরে স্কুলে যাওয়ার বয়সী প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর মধ্যে ৩ লাখ ১২ হাজার শিশু মানবিক শিক্ষাকার্যক্রমের আওতায় রয়েছে। তবে অর্থায়ন সংকটে এসব কার্যক্রম কয়েক মাস স্থগিত থাকার কারণে তা স্থায়ীভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে জনসংখ্যা বৃদ্ধি ও মিয়ানমার থেকে নতুন করে আসা মানুষের কারণে চলতি বছর আরও প্রায় ৯০ হাজার শিশুর শিক্ষার প্রয়োজন তৈরি হয়েছে।

দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত শিক্ষাকার্যক্রমের বাইরে রোহিঙ্গা শিক্ষকদের উদ্যোগে গড়ে ওঠা ১২৫টির বেশি স্কুলে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে আইনি স্বীকৃতি না থাকায় এসব স্কুল সরাসরি বিদেশি সহায়তা নিতে পারে না। স্কুলগুলোর স্বীকৃতি, আনুষ্ঠানিক পাঠ্যক্রম এবং উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা।

এইচআরডব্লিউর শিশু অধিকারবিষয়ক সহযোগী পরিচালক বিল ভ্যান এসভেল্ড বলেন, বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার বিষয়ে দাতা দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের উচিত শরণার্থীদের শিক্ষার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মানবিক সহায়তা সংস্থাগুলোর উচিত রোহিঙ্গাদের পরিচালিত স্কুলগুলোর সঙ্গে কাজ করা।

২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা শিশুদের স্বীকৃত শিক্ষা ও উচ্চশিক্ষার সুযোগ নিষিদ্ধ করেছিল। রোহিঙ্গাদের পরিচালিত স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়। তবে গত অক্টোবরে প্রথমবারের মতো কয়েক ডজন রোহিঙ্গা শিক্ষার্থীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাথমিক শিক্ষা পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ। একই মাসে রোহিঙ্গাদের একটি সংগঠনকে ২৪০ শিক্ষার্থীর জন্য প্রাথমিক বিদ্যালয় নির্মাণের অনুমোদন দেওয়া হয়।

অর্থায়ন সংকটের চিত্র তুলে ধরে এইচআরডব্লিউ জানায়, ২০২৫ সালে রোহিঙ্গা শিক্ষাকার্যক্রমের জন্য ৭ কোটি ২০ লাখ ডলার চাওয়া হলেও দাতারা দিয়েছিল মাত্র ২ কোটি ৯০ লাখ ডলার। এতে শিক্ষাকেন্দ্রগুলো কয়েক মাস বন্ধ থাকে, শিক্ষক ছাঁটাই এবং প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাতিল করা হয়।

২০২৬ সালের জন্য অর্থায়নের চাহিদা কমিয়ে ৫ কোটি ৩০ লাখ ডলার করা হলেও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ৩ কোটি ৬০ লাখ ডলার। ফলে শিক্ষাকেন্দ্রগুলো আবারও বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্র ২০২৫ সালে অর্থায়ন বন্ধ করার আগে রোহিঙ্গা শিশুদের শিক্ষা বাজেটের অর্ধেক বহন করতো। এদিকে ২০২৩ সালের পর বিশ্বজুড়ে মানবিক শিক্ষা খাতে অর্থায়ন কমেছে ২০ শতাংশ।

শিবিরের এক রোহিঙ্গা শিক্ষক বলেন, শিশুরা শিখতে আগ্রহী। কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে বারবার শিক্ষা ব্যাহত হচ্ছে। শিক্ষাকে অস্থায়ী মানবিক প্রকল্প নয়, অধিকার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগ: বাহরাইনে ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
সর্বশেষ খবর
শ্রমিক অসন্তোষে আ.লীগের উসকানি, নৈরাজ্য ঠেকাতে ধৈর্য ধরছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক অসন্তোষে আ.লীগের উসকানি, নৈরাজ্য ঠেকাতে ধৈর্য ধরছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
রামিসা হত্যা মামলার রায়: দ্রুততম বিচারে অনন্য নজির
রামিসা হত্যা মামলার রায়: দ্রুততম বিচারে অনন্য নজির
দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক