দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির। মঙ্গলবার (১৭ নভেম্বর) বন্দরানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত ভারুনী মুতুকুমারানা।
সফরকালে প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমুখী সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হবে।
এছাড়া সফরে তিনি শ্রীলঙ্কার ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে।
এই সফরের একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ পরামর্শক কমিশন ফর কমপ্রিহেনসিভ কো-অপারেশন’ গঠন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর। এই কমিশনের মাধ্যমে দুই দেশের মধ্যে নিয়মিতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে।
দুই দিনের সরকারি সফর শেষে প্রতিমন্ত্রী আগামী ১৯ নভেম্বর শ্রীলঙ্কা ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।