মহাকাশ থেকে প্রতি আট মিনিট অন্তর পৃথিবীতে আসছে রহস্যময় বেতার সংকেত। প্রায় ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত একটি দ্বৈত নক্ষত্রব্যবস্থা থেকে আসা এসব সংকেতের উৎস অনুসন্ধান করতে গিয়ে নক্ষত্রের পৃষ্ঠে ঝড়ের মতো অস্থিরতার সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
‘নেচার অ্যাস্ট্রোনমি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় নক্ষত্রব্যবস্থাটির নাম দেওয়া হয়েছে জিপিএম জে০৭১৫০৭−১১৪১৫৩। এতে একটি শ্বেত বামন নক্ষত্র রয়েছে। অস্ট্রেলিয়ার সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমি রিসার্চের (আইসিআরএআর) গবেষকেরা বলছেন, কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা পরপর বেতার সংকেত পাঠায় এমন দীর্ঘ পর্যায়ক্রমিক সংকেতের উৎস হিসেবে পরিচিত মাত্র এক ডজন নক্ষত্রব্যবস্থার মধ্যে এটি একটি।
সাধারণত পালসার ও ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্র থেকে শক্তিশালী বেতার সংকেত আসে। তবে এসব সংকেত কীভাবে তৈরি হয়, তা এখনও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। নতুন এই পর্যবেক্ষণ রহস্যের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন গবেষকেরা।
নক্ষত্রব্যবস্থাটি পর্যবেক্ষণ করতে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি সুপারকম্পিউটারের সাহায্যে ১০০ ঘণ্টার বেশি সময়ের বেতার উপাত্ত বিশ্লেষণ করা হয়। সংকেতের উৎস শনাক্ত করতে দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপ এবং নক্ষত্রব্যবস্থাটি পরীক্ষা করতে হাওয়াইয়ের ডব্লিউ এম কেক অবজারভেটরি ব্যবহার করেন তারা।
মৃত তারার নক্ষত্রের কাছাকাছি অস্থিরতা
পর্যবেক্ষণে বিজ্ঞানীরা শ্বেত বামন নক্ষত্রটির কক্ষপথে চলাচল স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। গবেষণাটির প্রধান লেখক ও কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষক স্যাম ম্যাকসুইনি বলেন, এই প্রথম সংকেতগুলো এত পরিষ্কারভাবে দেখা গেছে যে, সঙ্গী নক্ষত্রের চারপাশে শ্বেত বামনটির কক্ষপথে চলাচল শনাক্ত করা সম্ভব হয়েছে। ফলে আমরা জানি, সংকেতগুলো শ্বেত বামনের কাছাকাছি কোনও অঞ্চল থেকে আসছে, এমনকি নক্ষত্রটি নিজেও এর উৎস হতে পারে।
গবেষকেরা শ্বেত বামনটির পৃষ্ঠে নক্ষত্রীয় অগ্ন্যুৎপাতের মতো ঘটনাও পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি শক্তিশালী চৌম্বকক্ষেত্রযুক্ত একটি অঞ্চল কিংবা নক্ষত্রের পৃষ্ঠ থেকে বেরিয়ে আসা প্লাজমার বিশাল বলয়ের মধ্য দিয়ে নক্ষত্রটির চলাচল দেখতে পেয়েছেন তারা।
গবেষণার সহলেখক নাতাশা হার্লি-ওয়াকার বলেন, বেতার তরঙ্গ ব্যবহার করে ৫ হাজার আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রের ঝড় শনাক্ত করতে পারাটা বিস্ময়কর।
অনুসন্ধানে নতুন টেলিস্কোপের অপেক্ষা
শ্বেত বামন নক্ষত্রের আশপাশে কী ঘটছে, সে সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার পর আরও বিস্তারিত অনুসন্ধানের পরিকল্পনা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এ জন্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন স্কয়ার কিলোমিটার অ্যারে (এসকেএ) টেলিস্কোপ ব্যবহার করতে চান তারা।
গবেষকদের আশা, নতুন এই টেলিস্কোপের মাধ্যমে রহস্যময় বেতার সংকেতের উৎপত্তি এবং শ্বেত বামন নক্ষত্রের আশপাশের অস্থিরতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সূত্র: উইয়ন নিউজ
রাশিয়ার সেতুতে টানা দ্বিতীয় দিন ইউক্রেনের ড্রোন হামলা