‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে

বিনোদন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৭

রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে তা‌কে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ডি‌সি (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে ‌গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

বর্তমা‌নে তি‌নি ডিবি কার্যালয়ে আছেন। তবে কী অ‌ভি‌যোগ বা কোন মামলায় তাকে ‌গ্রেফতার করা হ‌য়ে‌ছে, সে বিষয়ে কিছু ব‌লেন‌নি তিনি।

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। পরে টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন।

জ্যোতির প্রথম সিনেমা ছিল ‘আয়না’। এটি নির্মাণ করেছিলেন প্রয়াত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা সারাহ বেগম কবরী। ২০০৫ সালে সিনেমাটি মুক্তি পায়। এর মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে জ্যোতির।

ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে জ্যোতি অভিনয়জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে কাজ করেছেন।

দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। দেশের বাইরে কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন জ্যোতি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

জ্যোতির অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’।

জ্যোতিকা জ্যোতি

অভিনয়ের পাশাপাশি ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতি।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিন কর্মস্থলে যাননি জ্যোতি। পরে ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। তারা ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে তার বিরোধিতা করেন। একপর্যায়ে তাঁকে কর্মস্থল ছেড়ে যেতে হয়।

ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে। ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানান, এর মধ্য দিয়ে তার প্রথম সরকারি চাকরির অবসান ঘটল।

/এনআই/
সম্পর্কিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অবশেষে অব্যাহতি
অবশেষে অব্যাহতি
শিল্পকলায় গেলেন, ফিরে অঝোরে কাঁদলেন এবং বললেন...
শিল্পকলায় গেলেন, ফিরে অঝোরে কাঁদলেন এবং বললেন...
বিনোদন বিভাগের সর্বশেষ
আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা, জানালেন নিজেই
আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা, জানালেন নিজেই
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত