অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) পার্লামেন্টে বিদায়ী ভাষণ দেওয়ার সময় দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিয়েছেন লিবারেল পার্টির এমপি জর্ডান লেন। বৃহস্পতিবারের এই আবেগঘন মুহূর্তে তার সঙ্গী নাটালি বিয়ের প্রস্তাবে সম্মতি জানান।
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর পার্লামেন্টে নিজের বিদায়ী ভাষণ দিচ্ছিলেন রাইড আসনের এই এমপি। ভাষণের একপর্যায়ে তিনি গ্যালারিতে বসে থাকা ১০ বছরের বেশি সময়ের সঙ্গী নাটালির উদ্দেশে কথা বলেন। লেন বলেন, স্পিকার, রাইডের সদস্য হিসেবে আমার শেষ প্রশ্নটি আমার প্রিয় মানুষ নাটালির জন্য।
এ সময় পার্লামেন্ট কক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ে। লেন হাসিমুখে একটি আংটি বের করে নাটালিকে প্রশ্ন করেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ কক্ষে উপস্থিত সদস্যরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন। এরপর নাটালির কাছে গিয়ে তার আঙুলে আংটি পরিয়ে দেন লেন এবং তাকে চুমু খান। পরে তিনি বলেন, হ্যানসার্ডের নথিতে উল্লেখ করতে চাই, তিনি হ্যাঁ বলেছেন।
জবাবে নিউ সাউথ ওয়েলসের আইনসভা স্পিকার গ্রেগ পাইপার মন্তব্য করেন, ৫৮তম পার্লামেন্ট ‘ভালোবাসার পার্লামেন্ট’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের এক মাসেরও কম সময় আগে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন লেন। বিদায়ী ভাষণে তিনি এ সিদ্ধান্তকে বড় একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, তবে সবচেয়ে কঠিন বিষয় পদক্ষেপ নেওয়া নয়, বরং সেটি ব্যাখ্যা করা। হৃদয় দিয়ে অনুভব করা যায়, এমন বিষয় মাথা দিয়ে কীভাবে প্রকাশ করা যায়?
লেন আরও বলেন, আমার হৃদয় জানে, এই পদক্ষেপ সঠিক। কারণ এর পেছনে রয়েছে এমন একটি মূল্যবোধ, যা আমি বহু বছর ধরে আক্ষরিক অর্থেই বুকে ধারণ করে আসছি ভালোবাসা। তার ভাষায়, ভালোবাসা ভেতরে প্রবল আবেগ নিয়ে জ্বলে এবং অনেক সময় এর যুক্তি বোঝা কঠিন। অনেক দিক থেকেই এটি রাজনীতির মতো।
সূত্র: উইয়ন নিউজ
ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন