ইরানে ক্ষমতা পরিবর্তন চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংঘাত থামাতে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান।
শনিবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানে শাসন পরিবর্তন নিয়ে তিনি কখনোই খুব একটা মাথা ঘামাননি। উপস্থাপককে তিনি বলেন, শাসনব্যবস্থা নিয়ে আমি কখনোই খুব একটা ভাবিনি। কেউ কেউ একে শাসন পরিবর্তন বলে। আমি ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণিকে সরিয়ে দিয়েছি, এখন তৃতীয় শ্রেণির সঙ্গে আলোচনা করছি। তাই আপনি একে চূড়ান্ত শাসন পরিবর্তনও বলতে পারেন।
তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার কথা ইঙ্গিত দিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল সামরিক স্থাপনা এবং নেতাদের বাসভবন ও কার্যালয়। ওই অভিযানে খামেনি ও আরও কয়েকজন ইরানি কর্মকর্তা নিহত হন।
ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে মিশ্র মত দিয়েছেন ৮০ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। তিনি বর্তমান শাসকদের যুক্তিসংগত বললেও আলোচনা করা কঠিন বলেছেন। ট্রাম্প বলেন, মনোভাব অনেক আলাদা। সম্ভবত এরা বেশি যুক্তিসংগত। আর এরা খুবই কঠিন। আমরা চুক্তি করি, আর পরের দিনই তারা চুক্তি ভাঙে।
তিনি বলেন, আমি এমন একটি চুক্তি করব, যা স্থায়ী হবে। আমি কাউকে ওদের পারমাণবিক অস্ত্র পেতে দেব না। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ‘অযোগ্য প্রেসিডেন্ট’ এলেও যেন চুক্তি বহাল থাকে, সেটিও তিনি চান।
বৃহস্পতিবার এক ইসরায়েলি টেলিভিশনকে ট্রাম্প বলেছিলেন, তিনি তাড়াহুড়ো করছেন না এবং ইরান যুদ্ধে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তবে সিবিএস নিউজকে অবহিত সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্বল্প সময়ের মধ্যে ইরানে নতুন হামলার কথা ভাবছে। ইরান কত দ্রুত অস্ত্র উৎপাদনক্ষমতা পুনর্গঠন করছে, তা নিয়ে নেতানিয়াহু প্রশাসন উদ্বিগ্ন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ইরান বৃহস্পতিবার ট্রাম্পের সেই অভিযোগ নাকচ করেছে, যেখানে বলা হয়েছিল তেহরান রাসায়নিক বা জৈব অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ বারবার বদলায় এবং তা ২০০৩ সালে ইরাক আক্রমণের যৌক্তিকতা দেখাতে ব্যবহৃত একই প্রতারণামূলক চিত্রনাট্য অনুসরণ করছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
আসিয়ানকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিলো মিয়ানমারের জান্তা সরকার
মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার প্রস্তুত ইরানের, উপসাগরে হামলার হুঁশিয়ারি