বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৭

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্তের ফল প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) দেশভেদে আলাদা শুল্কহার প্রস্তাব করতে পারে। নতুন শুল্ক আগেই আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম বলে একটি সূত্র জানিয়েছে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এ তদন্ত শুরু করে ইউএসটিআর। তদন্তে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

তবে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ শুল্কহার বজায় রাখার কথা বিবেচনা করছে হোয়াইট হাউস। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে।

চীনের পণ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে রাখার বিষয়টিও বহাল থাকতে পারে। তবে ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি বাড়ানো না হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য প্রস্তাবিত শুল্কহার আরও বাড়তে পারে।

সাবেক মার্কিন বাণিজ্য দফতরের কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের প্রতিবেদনে ১৬ বাণিজ্য অংশীদারের জন্য পৃথক শুল্ক প্রস্তাব থাকতে পারে। তার মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে অভিযুক্ত দেশগুলোর বিভিন্ন খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রশাসন। এসব শুল্ক আগের আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে।

তবে উৎপাদন সক্ষমতা কমাতে দেশগুলো পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্তসহ তুলনামূলক কম হারও প্রস্তাব করা হতে পারে বলে জানান তিনি।

গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে এ তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগের দুর্বলতা নিয়েও পৃথক তদন্ত শুরু হয়। এ দুই তদন্তের মাধ্যমে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্য রয়েছে প্রশাসনের।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ করছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রফতানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশে পণ্য উৎপাদন করে আগের মার্কিন শুল্ক এড়িয়ে দেশটির বাজারে প্রবেশ করছে চীনা প্রতিষ্ঠানগুলো।

এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপ করা কিছু শুল্ক বাতিল করে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেন।

/এসএইচএম/
সম্পর্কিত
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনার মৃত্যু
তীব্র শীতে কাঁপছে কাশ্মীর ও লাদাখ, তাপমাত্রা কত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
বৈভবের অবিশ্বাস্য ইনিংসের পর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের সাবেক ক্রিকেটারের
বৈভবের অবিশ্বাস্য ইনিংসের পর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের সাবেক ক্রিকেটারের
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য