বিদেশ যেতে প্রতারণার শিকার: সালিশে ব্যয়ের ৮৫ শতাংশই ফেরত পান না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬, ১৯:৫৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:৫৮

বিদেশে যেতে নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা ও বিদেশে শোষণের শিকার অভিবাসী কর্মীরা সালিশের মাধ্যমে তাদের মোট অভিবাসন ব্যয়ের মাত্র ১২ থেকে ১৫ শতাংশ ফেরত পান। ফলে প্রতিকার চেয়েও অধিকাংশ কর্মীর আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয় না। তাদের অনেককেই ঋণের বোঝা নিয়ে দেশে ফিরতে হয়। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, বিদেশে যাওয়ার জন্য পুরুষ অভিবাসী কর্মীরা গড়ে ৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় করেছেন। নারী কর্মীদের গড় ব্যয় ছিল ৩১ হাজার ৯০০ টাকা। কিন্তু সালিশের মাধ্যমে পাওয়া ক্ষতিপূরণ পুরুষ কর্মীদের গড় অভিবাসন ব্যয়ের প্রায় ১৫ শতাংশ এবং নারী কর্মীদের ব্যয়ের মাত্র ১২ শতাংশ পূরণ করতে পেরেছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘জাস্টিস বাই প্রসিডিউর? হোয়াই মাইগ্র্যান্ট ওয়ার্কার্স নিড বাইন্ডিং জাস্টিস, নট মিডিয়েশন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থায় দায়ের করা ৮৫টি অভিযোগ পর্যালোচনা করে গবেষণাটি করা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী কর্মী ছিলেন। জরিপে অংশ নেওয়া কর্মীদের প্রায় ৮৬ শতাংশ বৈধ পথে সৌদি আরবে গিয়েছিলেন।

গবেষণায় দেখা গেছে, ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গবেষণা চলাকালে ২৮টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে শুনানি হওয়ার কথা থাকলেও ৪৪ শতাংশ অভিযোগের কার্যক্রম শুরু হতে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে। আর ২৯ শতাংশ ক্ষেত্রে শুনানির জন্য অভিযোগকারীদের ডাকা হয়নি।

গবেষণার ফলাফল উপস্থাপনের সময় ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম প্রশ্ন তোলেন, বিদ্যমান সালিশি ব্যবস্থা নিয়োগসংক্রান্ত প্রতারণা ও শোষণের বিরুদ্ধে ন্যায্য বিচার, পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে পারছে কি না।

তদন্ত ছাড়াই চলছে সালিশি প্রক্রিয়া

গবেষণায় পর্যালোচনা করা ৮৫টি অভিযোগের কোনোটিতেই আলাদাভাবে নথিভুক্ত তদন্তের প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, তথ্য-প্রমাণ অনুসন্ধানের চেয়ে শুনানি ও সমঝোতার মাধ্যমেই অভিযোগ নিষ্পত্তিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক তদন্ত না থাকায় রিক্রুটিং এজেন্সি দায় অস্বীকার করলে, অনানুষ্ঠানিক সাব-এজেন্ট বা দালাল জড়িত থাকলে কিংবা কর্মীদের কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকলে দায় নির্ধারণ কঠিন হয়ে পড়ে। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং অভিযোগের অগ্রগতি জানতে বারবার খোঁজ নিতে গিয়ে কর্মীদের ভোগান্তিতে পড়তে হয়।

কিছু ক্ষেত্রে অভিযোগ জমা দেওয়ার প্রাপ্তিস্বীকারপত্র পাওয়ার পরও সরকারি নথি থেকে আবেদন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কর্মীদের নতুন করে আবেদন জমা দিতে হয়েছে।

শাকিরুল ইসলাম বলেন, বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আইনগতভাবে বাধ্যতামূলক কোনো সমাধান দেয় না। এটি মূলত অভিবাসী কর্মী ও রিক্রুটিং এজেন্সির মধ্যে সমঝোতা করিয়ে দেয়। এজেন্সিগুলোর দর-কষাকষির ক্ষমতা অনেক বেশি। অন্যদিকে ক্ষতিপূরণ প্রত্যাশী কর্মীরা আর্থিকভাবে অসচ্ছল এবং প্রায়ই দূরবর্তী এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই এজেন্সিগুলো শুনানিতে অনুপস্থিত থাকে। অন্যদিকে কর্মীরা এমন সমঝোতা মেনে নিতে বাধ্য হন, যা তাদের নিয়োগ ব্যয়, বকেয়া মজুরি, ঋণ ও অন্যান্য আর্থিক ক্ষতি পূরণ করতে পারে না।

গবেষণায় দেখা গেছে, নিষ্পত্তি হওয়া ২৮টি অভিযোগের অর্ধেক ক্ষেত্রে অভিযোগকারীরা ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। ক্ষতিপূরণ পাওয়া অধিকাংশ নারী কর্মী পেয়েছেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। তবে একজন নারী কর্মীর ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার বিষয়টি প্রায়ই রিক্রুটিং এজেন্সিগুলোর আলোচনার সদিচ্ছার ওপর নির্ভর করে। মধ্যস্থতার সময় চাপ, হয়রানি ও অসম্মানজনক আচরণের শিকার হওয়ার অভিযোগও করেছেন কয়েকজন কর্মী। কেউ কেউ ক্ষতিপূরণের পরিমাণ অপর্যাপ্ত মনে করলেও তা গ্রহণ করতে বাধ্য হয়েছেন।

নিয়োগ প্রতারণা ও বিদেশে শোষণের চিত্র

গবেষণায় নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা এবং বিদেশে কর্মীদের শোষণের চিত্রও উঠে এসেছে। এতে দেখা গেছে, ৯১ শতাংশ অভিযোগকারী দেশ ছাড়ার আগে আইনগতভাবে বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তিপত্র পাননি। আর ৭২ শতাংশ গন্তব্য দেশে পৌঁছেও লিখিত চুক্তিপত্র পাননি।

পুরুষ কর্মীদের মধ্যে ৬২ শতাংশ জানিয়েছেন, প্রতিশ্রুত কাজ, ভিসায় উল্লেখ করা পেশা এবং বাস্তবে দেওয়া কাজের মধ্যে বড় ধরনের অমিল ছিল। ৩২ শতাংশ কর্মী ওয়ার্ক পারমিট পাননি। সব মিলিয়ে ৭৮ শতাংশ কর্মী কাজের ক্ষেত্রে প্রতারণা, ৬৮ শতাংশ বেতন নিয়ে প্রতারণা এবং ৪২ শতাংশ শোষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

নারী গৃহকর্মীদের ক্ষেত্রে নির্যাতনের চিত্র আরও ভয়াবহ। গবেষণায় অংশ নেওয়া নারী কর্মীদের শতভাগ মজুরি শোষণ, ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

গবেষণায় আরও দেখা গেছে, ৪০ শতাংশ অভিযোগকারী প্রাথমিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অভিবাসনের ছয় মাসের মধ্যে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতি ও ঋণের বোঝায় পড়েছেন। নারী কর্মীদের কেউ কেউ পরিবার থেকে প্রত্যাখ্যান ও সামাজিক অপবাদের শিকার হওয়ার কথাও জানিয়েছেন।

ওকাপ জানিয়েছে, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-তে নিয়োগ প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে ফৌজদারি শাস্তিসহ প্রতিকারের আইনি সুযোগ রয়েছে। কিন্তু প্রশাসনিক অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ায় ক্রমেই তদন্ত ও আইনি ব্যবস্থার পরিবর্তে মধ্যস্থতা ও সমঝোতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে অভিবাসী কর্মীরা যাতে কার্যকর প্রতিকার পান, সে জন্য তদন্ত ব্যবস্থা জোরদার, অভিযোগ পরিচালনায় নিরপেক্ষতা নিশ্চিত, কাঠামোগত ক্ষতিপূরণ নীতিমালা প্রণয়ন এবং প্রতিকার বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ওকাপ।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের সিমস-২ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর প্রেমাংশু শেখর সরকার, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, আইএলও ঢাকা অফিসের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান এবং কারিতাস ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাডভাইজর এরিফা সুলতানা। পর্বটি সঞ্চালনা করেন ওকাপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এ মামুন।

দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় ছিল ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার জোরদারকরণ’। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা, আইওএম বাংলাদেশের হেড অব প্রোটেকশন সাদিয়া আলীম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ইউরোপগামী নৌযানসহ নিখোঁজ ১৭৫ অভিবাসনপ্রত্যাশী
ডেটিং অ্যাপে নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৭
ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, বিপাকে ২০ বাংলাদেশি
সর্বশেষ খবর
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র