ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি

গোলাম মওলা
২৬ নভেম্বর ২০২৬, ০০:০১ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০১

ছোট ও মাঝারি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং মালিকদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ১৭ হাজার টাকায় নির্ধারিত হলো পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি। শ্রমিকপক্ষের দাবি ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষ সর্বশেষ ১৬ হাজার টাকা দিতে রাজি ছিল। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড।

মালিকপক্ষের দাবি, দেশের প্রায় ৪৩ শতাংশ কারখানারই ১৭ হাজার টাকা মজুরি দেওয়ার সক্ষমতা নেই। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর ওপর বাড়তি বেতনের চাপ বেশি পড়বে। এতে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিদের মতে, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি আরও বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু ছোট কারখানা বন্ধের আশঙ্কাকে সামনে রেখে মালিকপক্ষ ১৭ হাজার টাকার বেশি দিতে রাজি হয়নি।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে বাড়তি বেতন বাস্তবায়ন করতে গিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, ছোট কারখানার সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার বিষয়গুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্যোক্তারা বলছেন, বাড়তি ব্যয় সামাল দিতে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে পোশাকের দাম বাড়ানো জরুরি। পাশাপাশি উৎপাদন ব্যয় কমানো এবং সরকারের নীতিগত সহায়তাও প্রয়োজন।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগেরবার পাঁচ বছর পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছিল। এবার তিন বছর পরই সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরও যখন তারা মানছিল না—তখন ভোটাভুটিতে বোর্ডের অধিকাংশ সদস্য ১৭ হাজার টাকার পক্ষে মত দিয়েছেন।’

তিনি বলেন, ‘দেশের প্রায় ৪৩ শতাংশ কারখানার ১৭ হাজার টাকা মজুরি দেওয়ার সক্ষমতা নেই। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তৈরি পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। এ সময়ে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ইনসেনটিভ বাড়ানো হয়েছে।’

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকদের ন্যূনতম মজুরি আরও বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু ছোট ছোট কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখিয়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকার বেশি মজুরি দিতে রাজি হয়নি।’

তিনি বলেন, ‘‘শ্রম আইনে শ্রমিকদের অধিকার ও সুরক্ষার কথা বলা থাকলেও বাস্তবে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। শ্রমিকদের জীবনমান ও পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করা হলে আরও ভালো হতো। ভবিষ্যতে মজুরি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে নিয়মিত আলোচনা এবং স্থায়ী সমাধানের ব্যবস্থা করা প্রয়োজন।’’

ভোটাভুটিতে ১৭ হাজার টাকা চূড়ান্ত

বুধবার (২৫ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়নি। পরে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মজুরি বোর্ডের সভার সিদ্ধান্তসংক্রান্ত নথি অনুযায়ী, শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। দুই পক্ষের মধ্যে ব্যবধান থাকায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

ছোট কারখানায় বাড়তি চাপ

বিজিএমইএ’র হিসাব অনুযায়ী, তাদের সদস্য কারখানার প্রায় ৫৭ শতাংশের বার্ষিক রফতানি আয় ১ কোটি ডলারের কম। আরও ২১ শতাংশ কারখানার রফতানি আয় ১ কোটি থেকে আড়াই কোটি ডলারের মধ্যে। অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ কারখানাই ছোট ও মাঝারি শ্রেণির। ফলে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে এসব প্রতিষ্ঠানের ওপর তুলনামূলক বেশি চাপ পড়বে।

বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ বলেন, ‘‘নতুন মজুরি কাঠামো কার্যকর হলে ছোট কারখানাগুলোর মাসিক বেতন ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। কোনও কোনও কারখানায় এই বাড়তি ব্যয় এক থেকে দেড় কোটি টাকা এবং বড় কারখানায় ৪ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে।’’

এ পরিস্থিতিতে নতুন মজুরি কাঠামো একবারে কার্যকর না করে ছয় মাসে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি মজুরি বৃদ্ধির প্রভাব যাচাইয়ে দ্রুত মূল্যায়নেরও পরামর্শ দিয়েছেন।

বিজিএমইএ জানায়, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টেক্সটাইল খাতে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ২৫ দশমিক ৭০ শতাংশ এবং পোশাক খাতে ১৯ দশমিক ৪৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে টেক্সটাইল যন্ত্রপাতি আমদানি আরও ২৯ শতাংশ এবং পোশাক খাতে ৮ দশমিক ৯০ শতাংশ কমেছে। উদ্যোক্তাদের আশঙ্কা, বিনিয়োগ কমে গেলে কারখানার আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগও সীমিত হবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের মূল্যস্ফীতি, শ্রমিকদের জীবনযাত্রার মান, শ্রম আইন, পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি এবং বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় নিয়েই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়েই এটি চূড়ান্ত করা হয়েছে।’

তবে নতুন মজুরি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাড়তি ব্যয় বহন করতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে ছোট কারখানাগুলোর জন্য পরিস্থিতি কঠিন হবে। বাড়তি উৎপাদন ব্যয় আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে আদায়ের চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য পরিচালন ব্যয় কমিয়ে কারখানাগুলোর বেতন দেওয়ার সক্ষমতা ধরে রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।’

ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম চান উদ্যোক্তারা

বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন বা পাঁচ বছর পরপর মজুরি বাড়ানোকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়, তা অপ্রত্যাশিত নয়। নির্দিষ্ট সময় পর মজুরি সমন্বয় করতে হবে এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টিও আগে থেকে জানা থাকে। তারপরও মজুরি বাড়ানোর সময় সংঘাত, কারখানা বন্ধ থাকা এবং আর্থিক ক্ষতির বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয় না।’

তিনি বলেন, ‘মূল্যস্ফীতির কারণে প্রতিবছর শ্রমিকদের মজুরি সমন্বয়ের প্রয়োজন রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে পোশাকশিল্পের ব্যবসা মৌসুমভিত্তিক। ফলে তিন বা পাঁচ বছর পর হঠাৎ বড় অঙ্কের মজুরি বাড়ানো হলে ক্রেতারাও অপ্রস্তুত হয়ে পড়েন। এ সংকট এড়াতে মজুরি বোর্ডকে স্থায়ী কমিশনের আদলে গড়ে তোলা যেতে পারে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদন খরচ ও শিল্পের সক্ষমতা বিবেচনায় প্রতিবছর মজুরি সমন্বয়ের সুপারিশ করা সম্ভব হবে।’

এদিকে বুধবার রাজধানীতে ‘শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী’ শীর্ষক এক আলোচনায়ও মজুরি বাস্তবায়নের চ্যালেঞ্জের বিষয়টি উঠে আসে।

সাবেক বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘আন্তর্জাতিক ক্রেতারা পোশাকের দাম না বাড়ালে বাড়তি উৎপাদন ব্যয় সামাল দেওয়া কঠিন হবে। এতে আগামী কয়েক মাসের মধ্যে অনেক উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন।’ এ সংকট মোকাবিলায় স্থায়ী মজুরি কাউন্সিল গঠনের প্রস্তাব দেন তিনি।

গবেষণা ও নীতি সমন্বয় বিষয়ক সংস্থা র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, ‘১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি কার্যকরের পর শিল্পের বর্তমান অবস্থান ধরে রাখতে পোশাকের দাম অন্তত ৪ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে।’

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, ‘বারবার শ্রমিক অসন্তোষ এড়াতে স্থায়ী মজুরি নির্ধারণ ব্যবস্থা প্রয়োজন। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতিবছর মজুরি সমন্বয় করা যেতে পারে।’

পোশাকশিল্পের উৎপাদন ও রফতানি স্বাভাবিক রাখতে সরকারের সহযোগিতাও চেয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, বন্দরে পণ্য খালাস ও জাহাজীকরণের দীর্ঘসূত্রতা কমানো এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলারের ডেনিম কারখানা করবে তুরস্কের সানকো
শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১১ সদস্য আহত
গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা, বাড়ি ফিরছেন শ্রমিকরা
সর্বশেষ খবর
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র