যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম বারার ইস্ট হ্যামের গ্রোভেনর রোডে বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পারিবারিক বিরোধের জেরে তাকে সৎবাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে শনিবার ভোররাত পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ বা লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, নিহত কিশোরী জিসিএসই পরীক্ষার্থী ছিলেন। পরিবারটি আগে ইতালির রোমে বসবাস করত। পরে পূর্ব লন্ডনে স্থায়ী হয়। কিশোরীর মায়ের সঙ্গে জন্মদাতা বাবার বিচ্ছেদের পর তার মা অভিযুক্ত ব্যক্তিকে বিয়ে করেন বলে জানা গেছে। অভিযুক্তের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার ঘটনার পর অভিযুক্ত সৎবাবা পালিয়ে যান। তবে তার অবস্থান কিংবা যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার বিষয়ে কোনও তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতারের খবরও পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা জানতে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্যুরো, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত কেউ ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পারেননি।
এদিকে কিশোরীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে পারিবারিক সহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠন সিস্টার্স ফোরাম। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাবিহা কামালী এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে অনুমাননির্ভর প্রচারণা এড়িয়ে পুলিশকে নিরপেক্ষ তদন্তের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে সাবিহা কামালী বলেন, ঘরের ভেতরের সহিংসতা অনেক সময় বাইরের মানুষের চোখে পড়ে না। ভয়, জবরদস্তি ও নির্যাতনের কারণে অসহায় ব্যক্তিরা সাহায্য চাইতে পারেন না। ঝুঁকিতে থাকা শিশু ও পরিবারের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি জানতে পুলিশকে সময় দিতে হবে। পাশাপাশি পারিবারিক সহিংসতার পূর্বলক্ষণ শনাক্ত এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা