৭৫তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। শুরু থেকেই তিনি নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তবে শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে মুকুট জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার। এরপরেও মাহির আছে সাফল্যের গল্প।
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের এই অর্জনের খবর দেন মাহি।
তিনি জানান, সুইমস্যুট ও ইভনিং গাউন- দুই বিভাগেই দর্শকদের ভোটে বাংলাদেশের জয় এসেছে। একই সঙ্গে জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হয়েছে বাংলাদেশ।
এই অর্জনকে শুধু নিজের সাফল্য হিসেবে দেখতে চান না মাহি। বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই দেখছেন তিনি। আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সুন্দরী।
মাহির ভাষায়, পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাকে সাহস জুগিয়েছে। প্রতিটি পদক্ষেপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন তিনি। তার কাছে দর্শকদের এই ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি।
মূল মুকুটের লড়াইয়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে না পারলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে সেরা হওয়া এবং জাতীয় পোশাক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন মাহির জন্য বড় প্রাপ্তি। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে এমন স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত এই প্রতিযোগী। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’
‘ফিল্ম পলিটিক্সে’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন, দাবি সালমান শাহর নায়িকার