বাংলাদেশ ফুটবলের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি পরিদর্শন করেছেন জাপানের মিতসুবিশি করপোরেশনের দুই প্রতিনিধি। জাপানি ক্লাব এফসি ইমাবারির পক্ষে প্রস্তাবিত ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আলোচনার অংশ হিসেবেই এই পরিদর্শন।
এফসি ইমাবারির পক্ষে একাডেমি ঘুরে দেখেন মিতসুবিশি করপোরেশনের কোহেই এন্দো ও হিরোশি উয়েগাকি। এন্দো প্রতিষ্ঠানটির পরিকল্পনা দলের সাসটেইনেবিলিটি বিভাগের সদস্য। অন্যদিকে উয়েগাকি বাংলাদেশে মিতসুবিশি করপোরেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনের সময় বাফুফে ও শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা একাডেমির অবকাঠামো ও প্রশিক্ষণ-সুবিধা ঘুরে দেখেন।
প্রস্তাবিত ত্রিপক্ষীয় চুক্তিটি বাস্তবায়িত হলে বাফুফে, এফসি ইমাবারি ও শামসুল হুদা ফুটবল একাডেমির মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে চুক্তির বিস্তারিত এবং সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।