আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করা এবং জ্বালানি অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. তিতুমীর বলেন, বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের জীবনমান, শিল্প ও কৃষির উৎপাদনশীলতা, বিনিয়োগ পরিবেশ এবং অর্থনীতির কাঙ্ক্ষিত রূপান্তর জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভরশীল। তাই জ্বালানি খাত পুনর্গঠনে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা মানে শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো নয়। নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ, সরকারি ভর্তুকি এবং অর্থনীতির বহিঃখাতের ভারসাম্যের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
উপদেষ্টা জানান, সরকার একই সঙ্গে দুটি বিষয়ে কাজ করছে। একটি হলো চলমান জ্বালানি সংকট মোকাবিলা করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। অন্যটি হলো আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক ব্যবস্থা থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদে বহুমুখী ও পরিবেশবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তোলা।
ক্যাপাসিটি চার্জে ২ লাখ ৮১ হাজার কোটি টাকা
বিদ্যুৎ খাতের ব্যয় ও সক্ষমতা ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে ড. তিতুমীর বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রায় ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এ অভিজ্ঞতা থেকে বোঝা যায়, শুধু বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা থাকলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত সক্ষমতা এবং জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। এ সময় প্রায় ৫৫টি এলএনজি কার্গো বাতিলের পরিস্থিতি তৈরি হয়। ফলে স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ সরাসরি জনগণের ওপর না দিয়ে কৃষক, পরিবার, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি। এ জন্য আয়ভিত্তিক মূল্য নির্ধারণের ব্যবস্থা বা ‘ইকুইটি-বেজড ডিফারেনশিয়াল প্রাইস মেকানিজম’ নিয়ে কাজ চলছে।
সৌরবিদ্যুতে কর কমেছে, সরকারি ভবনে বাধ্যতামূলক
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যক্তি খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রস্তাবও পাওয়া যাচ্ছে।
সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানিতে শুল্ক ৬৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের ওপর আয়কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে সরকারি ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন ও এ খাতের বিকাশেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পাঁচ বছরে ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা
দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে অনুসন্ধান কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথা জানিয়ে ড. তিতুমীর বলেন, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ে ১৫০টি কূপ খননের মাধ্যমে দৈনিক ১ হাজার ৭৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন এবং জ্বালানি ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. এম আবু ইউসুফ। গবেষণার ফলাফল ও নীতিগত তাৎপর্য তুলে ধরেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।
প্যানেল আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ কান্ট্রি ইকোনমিস্ট আমিনুল আমান, দ্য ডেইলি অবজারভারের বিশেষ সংবাদদাতা শাহনাজ বেগম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা, আইইইএফএর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম, বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ এবং আনলিমা এনার্জি লিমিটেড ও যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. মাহমুদুল হক।