দেশের অন্যতম গবেষণা ও নীতিবিষয়ক প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।
অর্থনৈতিক গবেষণা, নীতিবিশ্লেষণ ও উন্নয়ন কর্মকাণ্ডে দেশে এবং আন্তর্জাতিক পরিসরে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে ড. নাজনীন আহমেদের। দীর্ঘ গবেষণা অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করার সুবিশাল অভিজ্ঞতা রয়েছে তার।
সিপিডিতে যোগ দেওয়ার আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দুই বছর ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিন বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোতে নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন।
এর আগে দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান— বিআইডিএসে দীর্ঘ ২৫ বছর কর্মরত ছিলেন ড. নাজনীন আহমেদ। ১৯৯৮ সালের জুলাইয়ে তিনি গবেষণা সহযোগী হিসেবে বিআইডিএসে যোগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক পদে উন্নীত হন।
ড. নাজনীন আহমেদের গবেষণা ও নীতিবিষয়ক কাজের ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত। তার গবেষণার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান, সুশাসন, লৈঙ্গিক সমতা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি।
দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য গবেষণা সাময়িকীতে তার বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ে তার লেখা অধ্যায় অন্তর্ভুক্ত হয়েছে। তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জন্যও অসংখ্য গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বিশ্বব্যাংক, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি), জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি), ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই) এবং ইসলামী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।
শিক্ষাজীবনে ড. নাজনীন আহমেদ নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং স্কলারশিপ-এরও সাবেক শিক্ষার্থী।
সিপিডি মনে করছে, গবেষণা, অর্থনৈতিক বিশ্লেষণ, জাতীয় নীতিনির্ধারণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ড. নাজনীন আহমেদের দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তথ্য-উপাত্ত ও গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নিতে তার নেতৃত্ব সিপিডির চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সিপিডি বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও জননীতিবিষয়ক গবেষণা এবং নীতিগত সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের অর্থনীতি ও উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গবেষণাভিত্তিক বিশ্লেষণ, সুপারিশ ও নীতিগত আলোচনা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রেখে চলেছে। নতুন নির্বাহী পরিচালক হিসেবে ড. নাজনীন আহমেদের দায়িত্ব গ্রহণকে সিপিডির নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।