দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ১৮:২৮ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৮:২৮

স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়েছে। বেড়েছে মানুষের গড় আয়ু, কমেছে দারিদ্র্যের হার। তবে অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণির মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে এখনও বঞ্চিত দেশের বড় একটি জনগোষ্ঠী। এমনকি দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা বিপুলসংখ্যক মানুষ সামান্য আয় কমলেই আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।

এমন পরিস্থিতিতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখনও প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তাদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছেন। দারিদ্র্যের হার কমলেও সেই অনুপাতে দরিদ্র মানুষের সংখ্যা কমানো যাচ্ছে না। অন্যদিকে দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা প্রায় দুই কোটি মানুষ মাত্র দুই দিন কাজ করতে না পারলে আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।

যুব কর্মসংস্থানের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতি চার জন তরুণের একজন বেকার। শিক্ষিত তরুণদের ক্ষেত্রে প্রতি তিন জনে একজনের কর্মসংস্থান নেই। অথচ মানুষের গড় আয়ু বেড়ে প্রায় ৭৪ বছরে পৌঁছেছে, যা দেশের একটি বড় অর্জন। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যু, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং শিশুশ্রমের হার এখনও বেশি।

উন্নয়নের সুফল পৌঁছায়নি পিছিয়ে পড়াদের কাছে

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকার মানুষ এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এখনও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। দেশের সামগ্রিক উন্নয়নের সুফল তাদের কাছে সমানভাবে পৌঁছায়নি; বরং দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার শিকারও হতে হয় তাদের বেশি।

তিনি বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবার দায়িত্ব রয়েছে। সমাজের অগ্রসর ও সচেতন মানুষ তাদের পাশে না দাঁড়ালে দেশের সামগ্রিক অর্জন একসময় ঝুঁকির মুখে পড়বে। এর প্রভাব পড়বে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার ওপর।

সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সরাসরি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সিপিডির এই ফেলো। তার মতে, যাদের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা জনপ্রতিনিধিদের দায়িত্ব।

সংসদ সদস্যদের কাছে পিছিয়ে পড়াদের প্রত্যাশা

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া মানুষের অধিকার সুরক্ষায় আইন প্রণয়ন করতে হবে। তাদের সমস্যা ও সংকট নিয়ে সংসদে আলোচনা করতে হবে। একইসঙ্গে আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও এসব মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। সংসদ সদস্যদের কাছে এটাই তাদের প্রত্যাশা।

তিনি বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিনের প্রচেষ্টায় সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের একই জায়গায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। সংসদীয় ককাস মূলত সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিনসহ বিভিন্ন পেশার মানুষ, উন্নয়নকর্মী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

/জিএম/আইএএম/
সম্পর্কিত
নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়েছেন গোলাম মোয়াজ্জেম, সিপিডি কি ছেড়ে দিচ্ছেন?
সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ
সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন
সর্বশেষ খবর
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ভারতে এসে ১০ বিষয় দেখে অবাক ফিনল্যান্ডের পরিবার
ভারতে এসে ১০ বিষয় দেখে অবাক ফিনল্যান্ডের পরিবার
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি