আপনার ট্যাক্স ফাইল অডিটকালে আইনি সুরক্ষা পাবেন কীভাবে?

আপনি একজন সম্মানিত করদাতা। আপনি নিয়মিত কর ফাইল জমা দিয়ে আসছেন। হঠাৎ খবর এলো আপনার ফাইল অডিটে পড়েছে। কী করবেন? আতঙ্কিত হয়ে পড়বেন! না মোটেও তা হবেন না।

আপনার অডিট সম্পর্কে জানার উপায়গুলো হতে পারে—১. আপনার ফাইল যে সার্কেলের অধীন, ওই সার্কেল থেকে অফিসিয়াল একটা চিঠি আপনার ঠিকানায় আসবে। ২. আপনার ই- ইমেইলেও অনুরূপ চিঠি আসতে পারে। ৩. আইনজীবীর মাধ্যমে আপনি অবগত হতে পারেন।

যে মাধ্যমেই আপনি অডিট সম্পর্কে জানবেন, তা খুব সহজভাবে গ্রহণ করবেন। কারণ প্রথম চিঠি আপনার জন্য অত্যন্ত সহায়ক একটি চিঠি। এই চিঠিতে আপনাকে অবহিত করা হবে—কোন অর্থবছরের জন্য আপনার ট্যাক্স ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এই চিঠির মূল উদ্দেশ্য হলো—আপনি যাতে আপনার জমাকৃত রিটার্নের সংশ্লিষ্ট কর বছরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেন এবং গুছিয়ে রাখতে পারেন।

এছাড়া অডিট টিমকে গ্রহণযোগ্য উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। মনে রাখবেন, এনবিআর কখনও কোনও করদাতাকে হয়রানির উদ্দেশ্যে অডিট কার্যক্রম পরিচালনা করে না। ভুল সংশোধন করাই অডিটের মূল উদ্দেশ্য।

করদাতার করণীয় ও বর্জনীয়

করণীয়: অডিট সম্পর্কে চিঠি পাওয়ার পর আপনি নিজে পড়ুন বা অন্যকে দিয়ে পড়িয়ে অবগত হোন। যে বছরের জন্য অডিট হবে, সেই বছরের রিটার্ন দেখুন, পর্যালোচনা করুন। কোনও ভুল-ত্রুটি আছে কিনা, তা যাচাই করুন। প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংগ্রহ করুন এবং গুছিয়ে রাখুন। আপনি ব্যস্ত থাকলে  আপনার আইনজীবীর সহায়তা নিন।

বর্জনীয়: কোনও ব্যক্তির ফোনে আতঙ্কিত হবেন না। কারণ অডিট বিষয়ে কর অফিসের কোনও ব্যক্তি আপনাকে ফোন দেবে না। যদি ফোন আসে ধরে নেবেন তা প্রতারকের। সে কিছু দাবি করার জন্য আপনাকে ভয় দেখাচ্ছে। সরাসরি উত্তর দেবেন, “আমার ট্যাক্স ফাইল সম্পর্কে কিছু বলার থাকলে চিঠি পাঠান।” এছাড়া কোনও অফিসার বা আইনজীবী পরিচয় দিয়ে আপনাকে সহায়তার কথা বলতে পারেন। এই জাতীয় পরামর্শ এড়িয়ে চলুন।

কীভাবে আইনি প্রতিকার পাবেন

১. আপনি প্রথম চিঠি পাওয়ার পর প্রস্তুতি গ্রহণের জন্য একটা সময় পাবেন। সংশ্লিষ্ট উপকর কমিশনার আয়কর আইন ১৮২(৩) ধারা মোতাবেক অডিট, অডিট টিমে কারা, কখন আপনার ঠিকানায় দেখা করবেন এবং আপনার বক্তব্য নেবেন ইত্যাদি বিষয়ে চিঠি দেবেন। নির্ধারিত দিন ও সময়ে আপনার সাথে অডিট টিম সাক্ষাৎ করবে এবং রিটার্নে আপনার দেওয়া তথ্যাদি যাচাই-বাছাই করবে ও প্রাপ্ত তথ্যাদি নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবে। একই সাথে আয়কর আইনের ১৮২(৬) ধারা মোতাবেক আপনাকে অডিট প্রতিবেদনের একটি খসড়া সরবরাহ করবে এবং আপনার কোনও মন্তব্য থাকলে তা লিখিত আকারে জানাতে বলবে।

২. অডিট প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর যদি অডিটের সুপারিশের ভিত্তিত্তে রিটার্ন সংশোধন বা করদায় পরিশোধ করার বিষয় থাকে, তাহলে আয়কর আইন ২০২৩-এর ১৮২ (১০) দফা ‘ক’ মোতাবেক পূর্ণাঙ্গ অডিট প্রতিবেদন উপ-কর কমিশনার আপনার (করদাতার) কাছে পাঠাবেন। একইসঙ্গে সংশোধিত রিটার্ন ও করদায় পরিশোধের নির্দেশনা প্রদান করবেন।

৩. উপরোক্ত কার্যাদি সম্পন্ন হওয়ার পর একই আইনে ১৮২(১১) ধারা মোতাবেক অডিট সম্পন্ন হয়েছে বলে আপনাকে একটি চিঠি পাঠাবেন

এই প্রক্রিয়ায় আপনার অডিট সম্পন্ন হবে। আপনি আইনি প্রক্রিয়ায় আপনার অডিট সম্পন্ন করলে ভবিষ্যতের জন্য তা অত্যন্ত উত্তর দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে। 

অডিট প্রক্রিয়া একটি দীর্ঘ ধারাবাহিক আইনত প্রক্রিয়া। অডিট চলাকালীন করদাতার অন্যান্য আর্থিক কার্যক্রম বা রিটার্ন জমা স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান থাকে। সুতরাং, অডিটের জন্য নির্বাচিত হলে, সচেতনতা ও সঠিক পদক্ষেপই সমাধানের একমাত্র উপায়।

বেআইনিভাবে করদাতাকে হয়রানি করার প্রবণতা থেকে সংশ্লিষ্ট সবাইকে বের হয়ে আসতে হবে। কারণ করদাতার ভুল থাকতে পারে, কিন্তু তিনি সমাজের অন্যান্য অপরাধীর মতো অন্যায়কারী নয়। বরং করদাতা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্ব অংশীদার। তিনি কর দেন বলেই রাষ্ট্রের অর্থনৈতিক প্রবাহ ঠিকভাবে চলছে। তাই সম্মানের জায়গা করদাতার অনেক বেশি হওয়া দরকার। করদাতাকে সম্মান দেওয়া তখনই সম্ভব হবে, যখন কর কর্মকর্তারা দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন।

এতে অডিট সম্পর্কে করদাতাদের নেতিবাচক ধারণা দূর হবে এবং করদাতারা আইনি সুরক্ষা পাবেন। অপরদিকে রাজস্ব পরিশোধে নাগরিক সমাজের মধ্যে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হবে।

 লেখক: আইনজীবী

email: republiclawchamber@gmail.com