বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বর্তমান অবস্থান কেবল ক্ষমতাচ্যুত একটি রাজনৈতিক দলের সংকট নয়; এর সঙ্গে জড়িয়ে আছে গণতন্ত্রের ভবিষ্যৎ, মানবাধিকার, রাজনৈতিক জবাবদিহি এবং রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। দীর্ঘ প্রায় দেড় দশক রাষ্ট্রক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন দলটির রাজনৈতিক ইতিহাসে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের মাধ্যমে দলটির নিবন্ধন স্থগিত হওয়ার পর সংকট আরও গভীর হয়।
২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় দলটি এখন জাতীয় সংসদের বাইরেও অবস্থান করছে। ফলে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কি অতীতের ভুল স্বীকার করে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার পথ খুঁজবে, নাকি শক্তি প্রদর্শন ও সহিংসতার মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করবে? দ্বিতীয় পথ অনুসরণ করলে দলটির রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কাই বেশি।
দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা ও দলীয় কর্তৃত্ব অনেক ক্ষেত্রে পরস্পরের সঙ্গে মিশে যায়। বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন, মামলা ও গ্রেফতার, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং প্রশাসনিক প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ দলটির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ ও গ্রহণযোগ্যতা নিয়ে দেশি-বিদেশি মহলে দীর্ঘদিন প্রশ্ন ছিল। ক্ষমতার দীর্ঘ স্থায়িত্ব নেতৃত্বের আত্মসমালোচনার প্রবণতাকে দুর্বল করে দেয়। বিরোধী দলকে গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা না করে প্রতিপক্ষ হিসেবে দমনের প্রবণতা শেষ পর্যন্ত রাজনৈতিক প্রতিষ্ঠান ও জনআস্থাকে দুর্বল করেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের বিস্ফোরণ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্রুত বৃহত্তর সরকারবিরোধী গণআন্দোলনে পরিণত হয়। আন্দোলন দমনে প্রাণঘাতী বলপ্রয়োগ ও ব্যাপক প্রাণহানির ঘটনা বাংলাদেশের ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত তদন্ত প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সর্বোচ্চ প্রায় ১৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। নিহতদের মধ্যে শতাধিক শিশু থাকার তথ্যও ইউনিসেফের বিবৃতিতে উঠে আসে। প্রতিবেদনে সাবেক সরকার, নিরাপত্তা সংস্থা এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস গোষ্ঠীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে।এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি। কোনো রাজনৈতিক দলের অতীতের অর্জন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে তাকে দায়মুক্তি দিতে পারে না।
ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল— অতীতের ভুল স্বীকার করে নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি সেই সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে। সাম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের মিছিল,সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার খবর প্রকাশিত হয়েছে।
এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দায় নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তবে রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার নামে সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজপথে শক্তি প্রদর্শন সাময়িকভাবে আলোচনায় আসার সুযোগ সৃষ্টি করতে পারে, কিন্তু জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে না। বরং এ ধরনের কর্মকাণ্ড দলটির বিরুদ্ধে বিদ্যমান নেতিবাচক ধারণাকে আরও শক্তিশালী করে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে। প্রকাশিত নির্বাচনি ফলাফল অনুযায়ী, বিএনপি ৩০০টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে ২১০টি লাভ করে এবং জামায়াতে ইসলামী প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় জাতীয় সংসদের বাইরে থেকে যায়। তবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পাওয়া মানেই দলটির সমর্থকগোষ্ঠী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া নয়। দেশের বিভিন্ন অঞ্চলে দলটির ঐতিহাসিক সাংগঠনিক নেটওয়ার্ক ও সমর্থক রয়েছে। প্রশ্ন হলো, এই সমর্থনকে দলটি ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারবে কি না।
আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। ইন্দোনেশিয়ায় সুহার্তোর প্রায় ৩২ বছরের শাসনের অবসান ঘটে ১৯৯৮ সালে। তার শাসনামলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা গোলকার পার্টি পরবর্তী সময়ে নিজেদের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রাখে। একইভাবে তাইওয়ানের কুওমিনতাং পার্টি ২০০০ সালে দীর্ঘদিনের ক্ষমতা হারানোর পর রাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়নি। দলটি পুনর্গঠনের মাধ্যমে ২০০৮ সালে আবারও ক্ষমতায় ফিরে আসে। এসব অভিজ্ঞতা প্রমাণ করে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা কোনো দলের রাজনৈতিক ভবিষ্যৎ চিরস্থায়ীভাবে শেষ হয়ে যায় না। তবে পুনরুত্থানের জন্য প্রয়োজন নেতৃত্বের পরিবর্তন, আত্মসমালোচনা, সাংগঠনিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিযোগিতার প্রতি প্রকৃত অঙ্গীকার।
আওয়ামী লীগের বর্তমান সংকটের অন্যতম কারণ নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা। অতীতের দমন-পীড়ন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ না করলে জনআস্থা ফিরে পাওয়া কঠিন। শুধু রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে অতীতের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তবে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী ও সমর্থককে একইভাবে অপরাধী হিসেবে বিবেচনা করাও ন্যায়বিচারের পরিপন্থী। ব্যক্তির অপরাধের দায় রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে অন্যের ওপর চাপানো যায় না। যারা হত্যাকাণ্ড, নির্যাতন, অগ্নিসংযোগ ও অন্য কোনো অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নির্দোষ ব্যক্তিদের নিরাপত্তা, সম্পত্তি ও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা, গণপিটুনি, বাড়িঘরে হামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংসের কোনো বৈধতা নেই। গণতন্ত্রের প্রকৃত শক্তি হলো— রাজনৈতিক প্রতিপক্ষের অধিকারও আইনের মাধ্যমে সুরক্ষিত রাখা।
এ ক্ষেত্রে বর্তমান সরকারের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ রাজনৈতিক দলের সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে যেন নির্বিচার গ্রেফতার, নির্যাতন ও বিরোধী মত দমনের নতুন সংস্কৃতি তৈরি না হয়।
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে একই আইনে বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় যেন অপরাধের দায়মুক্তি ও হয়রানির কারণ না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দলের প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে অতীতের ভুলই নতুনভাবে ফিরে আসবে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ তাই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগের ওপর নির্ভর করছে না। দলটির গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে হলে নেতৃত্বের জবাবদিহি, সাংগঠনিক সংস্কার, নতুন নেতৃত্বের বিকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রকৃত অঙ্গীকার প্রয়োজন। অতীতের অপরাধের বিচার এড়িয়ে রাজনৈতিক পুনর্বাসনের দাবি গ্রহণযোগ্য হতে পারে না। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলকে স্থায়ীভাবে নিশ্চিহ্ন করার আকাঙ্ক্ষাও গণতান্ত্রিক রাষ্ট্রের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নির্ধারণে আইনের শাসন, জনগণের মতামত এবং গণতান্ত্রিক প্রতিযোগিতার সুযোগ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার দ্বন্দ্ব, রাজপথের সংঘাত এবং প্রতিশোধের রাজনীতি বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। আওয়ামী লীগ যদি সহিংসতা, ভয়ভীতি ও অস্থিতিশীলতার পথ অনুসরণ করে, তাহলে দলটি রাজনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিপরীতে, অতীতের দায় স্বীকার, অপরাধের বিচার মেনে নেওয়া, সহিংসতার স্পষ্ট প্রত্যাখ্যান, নেতৃত্বের সংস্কার এবং গণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতের পথ তৈরি করা সম্ভব।
বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থেও প্রয়োজন এমন রাজনৈতিক পরিবেশ, যেখানে কোনো দল আইনের ঊর্ধ্বে থাকবে না এবং কোনো নাগরিক রাজনৈতিক পরিচয়ের কারণে অধিকার হারাবেন না। ইতিহাসের শিক্ষা স্পষ্ট— ক্ষমতা হারানো একটি দলের জন্য বড় বিপর্যয়, কিন্তু জনআস্থা হারানো তার চেয়েও গভীর সংকট। সহিংস প্রত্যাবর্তনের চেষ্টা সেই সংকট আরও বাড়াবে। আত্মসমালোচনা, জবাবদিহি ও গণতান্ত্রিক পরিবর্তনই হতে পারে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের একমাত্র গ্রহণযোগ্য পথ।
লেখক: অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়