রোহিঙ্গা জেনোসাইডের রায়: রাজনৈতিক-কূটনৈতিক-আইনি গুরুত্ব

ড. রাহমান নাসির উদ্দিন
২০ নভেম্বর ২০২৬, ১৪:৫৪ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৫:০২

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে  বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  রোহিঙ্গা জেনোসাইড নিয়ে যে রায় দেওয়া হয়েছে, যে রায়ে মিয়ানমারকে এই জেনোসাইড সংঘটনকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, সেটা একটি ঐতিহাসিক, অনুস্মরণীয় এবং যুগান্তকারী রায় হিসেবে ইতোমধ্যেই বিশ্ববাপী বিপুলভাবে প্রশংসিত হয়েছে। রোহিঙ্গারা তো বটেই, বাংলাদেশসহ সারা পৃথিবীর সংবেদনশীল মানুষ, ন্যায়বিচারকামী মানুষ এবং জেনোসাইড-বিরোধী মানুষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। কেননা, এ রায় একটি ঐতিহাসিক রায় হিসেবে বিশ্ব বিচারব্যবস্থায় ইতিহাসে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে।

দীর্ঘ প্রায় ৬৫ বছরের জাতিগত নিপীড়নের অভিজ্ঞতা থাকলেও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গারা একটি নিকৃষ্ট, জঘন্যতম এবং অত্যন্ত ভয়াবহ জেনোসাইডের শিকার হয়। ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই জেনোসাইডে প্রায় ১০ হাজার সিভিলিয়ান রোহিঙ্গাকে হত্যা করা হয়, প্রায় ১৯০০ নারীকে ধর্ষণ করা হয় এবং প্রায় ৪০০ গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়। এমন অমানবিক, অমানুষিক, নিষ্ঠুর অত্যাচার করা হয়, যার কারণে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে জান বাঁচানোর জন্য আশ্রয় নিতে বাধ্য হয়।

এরপর থেকে রোহিঙ্গারা তাদের প্রতি যে জেনোসাইড সংঘটিত হয়েছে, তার বিচারের জন্য বিভিন্নভাবে হাহাকার করলেও, তাদের কথা বলার কোনো জায়গা তখন ছিল না।

কারো কাছে বিচার চাওয়ার জন্য যে আইনি ভিত্তি দরকার হয়, সেটাও তাদের ছিল না। কারণ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা করতে হলে রাষ্ট্র হতে হয়, কোনো ব্যক্তি সেখানে মামলা করতে পারে না। তার চেয়ে বড় কথা হচ্ছে— ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে রাষ্ট্রবিহীন মানুষে পরিণত করে ফেলা হয়। ফলে তারা মিয়ানমারের নাগরিক বলেই স্বীকৃত নয়। আবার বাংলাদেশ যেহেতু ১৯৫১ সালের রিফিউজি কনভেনশনের স্বাক্ষরকারী রাষ্ট্র নয়, সেহেতু বাংলাদেশ তাদেরকে রিফিউজি বা শরণার্থী বলেই স্বীকার করে না। এরকম একটি পরিস্থিতিতে তাদের পক্ষে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে বিচার চাওয়ার জন্য যে আইনি ভিত্তি থাকা দরকার, সেটাও তাদের ছিল না।

এ অবস্থায় ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের সহযোগিতায় আফ্রিকার একটি ছোট দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইড সংঘটনের অভিযোগ তুলে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা করে।

গাম্বিয়া বনাম মিয়ানমারের এই মামলার প্রাথমিক শুনানির পর ২০২০ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত একটা প্রভিশনাল মেজর, অর্থাৎ প্রাথমিক একটা ব্যবস্থা নেওয়ার জন্য মিয়ানমারকে কিছু ডিরেক্টিভস দেয়— যার মধ্যে অন্যতম ছিল, যেসব রোহিঙ্গারা এখানো মিয়ানমারে বসবাস করছে, তাদের প্রতি যাতে আর কোনো ধরনের জেনোসাইডাল আক্রমণ না হয়— সেটা নিশ্চিত করা। ২০১৭ সালে সেখানে  জেনোসাইড সংঘটিত হয়েছে বলে যে অভিযোগ আছে, সেই জেনোসাইডের আলামতগুলো যেন ধ্বংস না হয়— সেটা সংরক্ষণের ব্যবস্থা করা এবং পিরিয়ডিক রিপোর্ট প্রথমে প্রতি তিন মাস,  পরে ছয় মাস করে রিপোর্ট জমা দেওয়া...এরকম বেশ কিছু ডিরেক্টিভস দেয়।

পরবর্তীকালে ২০২২ সালে এই মামলাটা আইসিজেতে চলবে কিনা তার জন্য একটা সংক্ষিপ্ত শনানির মধ্য দিয়ে এই সিদ্ধান্ত হয় যে, এই মামলাটা আইসিজের পরিচালনার এখতিয়ার আছে। এই সিদ্ধান্ত হওয়ার অনেক পরে ২০২৬ সালের জানুয়ারির ১২ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত দুই পক্ষের নানা যুক্তি, তর্ক, তথ্য, উপাত্ত, প্রমাণাধি পেশ করা হয় এবং ২০২৬ সালের ২৯ তারিখ পর্যন্ত হিয়ারিং শেষে চূড়ান্ত রায় দেওয়ার জন্য একটা তারিখ নির্ধারণ করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রায় দশ মাস পরে এ রায় ঘোষণা করা হয়।

গতকাল ছিল সে ঐতিহাসিক দিন, যেদিন বাংলাদেশের সময় বিকাল তিনটা থেকে রায় পাঠ করা শুরু হয়, এবং প্রায় আড়াই ঘণ্টার ওপরে এই রায় পাঠ করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত (ভারডিক্ট) ঘোষণা  হয়। বিশেষ করে এগারোটা পয়েন্টে এই রায় ঘোষণা করা হয়। তার মধ্যে এক নম্বর রায় হচ্ছে— সমস্ত আলামত, যুক্তি, তর্ক, সমস্ত তথ্য-প্রমাণ এবং সারকামস্টেনশিয়াল এভিডেন্স বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে, মিয়ানমার ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটিত করেছে। অর্থাৎ রোহিঙ্গা জেনোসাইডের জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দায়ী বলে ঘোষণা করে রায় প্রদান করা হয়। এই রায়টা কেন ঐতিহাসিক রায় তার অনেকগুলো কারণের কয়েকটা প্রধান কারণ এখানে উল্লেখ করছি।

প্রথম: এই রায়ের মধ্যে দিয়ে যে বিষয়টি প্রতিষ্ঠিত হলো সেটা হচ্ছে— রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ২০১৭ সালে যে অন্যায়, যে অত্যাচার, যে জেনোসাইড সংঘটিত হয়েছে, সেটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। এই রায়ের মাধ্যমে তাদের প্রতি এক ধরনের জাস্টিস বা ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো। অর্থাৎ একবিংশ শতাব্দীতে এসে রোহিঙ্গারা যে জেনোসাইডের শিকার হয়েছে এবং তাদের প্রতি যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, সেটার একটা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ন্যায়বিচারের ইতিহাস আছে এটা একটি উদাহরণ হয়ে থাকবে। দ্বিতীয়: একবিংশ শতাব্দীতে জেনোসাইডের স্বীকৃতি বা অস্বীকৃতি নির্ভর করে আন্তর্জাতিকভাবে ক্ষমতাসীন রাষ্ট্রগুলোর ভূ-রাজনীতি এবং তাদের অর্থনৈতিক স্বার্থের ওপর। জেনোসাইডের যারা ভিকটিমস, তাদের বক্তব্য, তাদের ন্যারেটিভ, ঘটনার বাস্তবতা এবং ঘটনার সত্যতার ওপর নয়। পুঁজিবাদী বিশ্বে পুঁজি সবকিছু নিয়ামক। যেখানে ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থ সবকিছু নির্ধারণ করে, সেখানে ন্যায়বিচার, মানবাধিকারের প্রশ্ন অনেকটা খাটো হয়ে যায়। কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে এটা পুনরায় প্রতিষ্ঠিত হলো যে, ন্যায়বিচারের প্রশ্ন, গ্লোবাল জাস্টিস বলতে আমরা যেটা বুঝি, সেটা এই রায়ের মধ্য দিয়ে ভু-রাজনৈতিক এবং কর্পোরেট স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায্যতার প্রশ্নটি প্রতিষ্ঠিত হয়েছে।

তৃতীয়: রোহিঙ্গাদের জীবনে যে এক ধরনের হতাশা, এক ধরনের অনিশ্চয়তা, এবং গোটা রোহিঙ্গা সমস্যার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে— রোহিঙ্গাদের আইডেন্টিটি এবং এথনিসিটিকে বিতর্কিত করে তোলা। রোহিঙ্গারা যে শত শত বছর ধরে মিয়ানমারের আরাকানে বসবাস করছে এবং মিয়ানমারের আরাকান রাজ্যের তারা যে আদি বাসিন্দা, সেটা এ রায়ের মধ্যদিয়ে আইনি ভিত্তি দিয়ে প্রতিষ্ঠিত্ব হলো। রোহিঙ্গাদের পক্ষে নিজস্ব একটা পরিচয় নির্মাণ কঠিন হয়ে পড়ে ১৯৮২ সালের মিয়ানমারের নাগরিকত্ব আইনের মাধ্যমে, যখন তাদের নাগরিকত্ব বাতিল করা হয়। কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে নতুন করে রোহিঙ্গাদের যে পরিচয়,ইতিহাস, অস্তিত্ব— সেটা আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়ে একটা আইনি ভিত্তি পেয়ে যায়। ফলে এই রায় মূলত রোহিঙ্গাদেরকে একটা অস্তিত্ব প্রদান করে।

চতুর্থ: দেশে ফেরত যাওয়ার জন্য রোহিঙ্গাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল— নাগরিকত্ব দেওয়া, জীবনের নিরাপত্তা দেওয়া, তাদের যে ক্ষতি হয়েছে— সেটার ক্ষতিপূরণ দেওয়া, তারা যে ভিটেমাটি ফেলে আসছে, সেটা ফেরত পাবে কি না এবং তাদের প্রতি যে অন্যায় হয়েছে, সেটার বিচার হবে কি না প্রভৃতি। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের এ রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদেরকে বিশেষ করে রায়ের ৯, ১০ ও ১১ এই তিনটা পয়েন্টে যে, রায় দেওয়া হয়, সেখানে রোহিঙ্গাদেরকে যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। কী পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতই নির্ধারণ করবে। তবে এই ক্ষতিপূরণ দুই বছরের মধ্যেই তাদেরকে দিতে হবে, এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটা খানিকটা পূরণ হবে, যা এই ধরনের বিচারের ক্ষেত্রে নজিরবিহীন।

পঞ্চম: এতদিন পর্যন্ত রোহিঙ্গা সমস্যাটা একটি রাজনৈতিক সমস্যা, এবং একটি কূটনৈতিক সমস্যা হিসেবে আলোচনার টেবিলে আমরা দেখেছি। কিন্তু  এই রায়ের পরে রোহিঙ্গা সমস্যাটা কেবল শুধু কূটনৈতিক সমস্যা নয়, কেবল শুধু রাজনৈতিক সমস্যা নয়, এই সমস্যার একটি আইনি ভিত্তি দাঁড়িয়ে গেল। কারণ রোহিঙ্গারা এই রায়ের মধ্য দিয়ে তার অস্তিত্ব পাওয়ার পাশাপাশি, তাদের বিরুদ্ধে জেনোসাইড হয়েছে, সেটার স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের একটা লিগ্যাল আপিল করার জায়গা তৈরি হলো।  ফলে এই রায় রোহিঙ্গাদের সমস্যার একটা শক্ত আন্তর্জাতিক আইনি ভিত্তি প্রদান করেছে।

ষষ্ঠ: এর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে, বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য একটি শক্ত আন্তর্জাতিক আইনি সাপোর্ট পেলো। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের বা রোহিঙ্গা সমস্যার কোনো পক্ষ না। বাংলাদেশের একটি মানবিক কারণে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয় এবং বাংলাদেশ তার সমস্ত সাধ্য-সামর্থ্য দিয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে হোস্ট করার চেষ্টা করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় একটা মোটামুটি স্ট্যান্ডার্ড জীবন দেওয়ার সব ধরনের চেষ্টা বাংলাদেশ করে। কিন্তু ৯ বছর পার হওয়ার পরেও রোহিঙ্গা সমস্যা সমাধান না হওয়ায়— বাংলাদেশের ওপরে একটা অর্থনৈতিক চাপ, স্থানীয়ভাবে এক ধরনের চাপ, ভৌগোলিক চাপ, ডেমোগ্রাফিক চাপ তৈরি হচ্ছিল। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন ধরনের বাইলেটারাল মাল্টিলেটারাল, বিভিন্ন ধরনের যোগাযোগ, কূটনীতি- দৌড়ঝাঁপ করার পরেও কিছুতেই কিছু হচ্ছিল না। এই রায়ের মাধ্যমে বাংলাদেশও একটা শক্ত আইনি ভিত্তি পেয়ে যায়। বাংলাদেশ এখন রোহিঙ্গা ইস্যুটাকে কেবলমাত্রর একটা রাজনৈতিক, একটা ডিপ্লোমেটিক বা স্ট্রাটেজিক বিষয় হিসেবে ডিল না করে, এটা আইনি বিষয় হিসেবে এটাকে ডিল করার একটা ট্রাম্প কার্ড হাতে পেয়ে যায়। ফলে এই রায় রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

সপ্তম: এর আয়ের আরেকটা বড়ো দিক হচ্ছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে প্রশ্ন, সেটা ত্বরান্বিত করার জন্য শুধু বাংলাদেশের ইচ্ছা থাকলেই হবে না, মিয়ানমারকেও তার অভ্যন্তরে এক ধরনের কন্ডিশনালিটি তৈরি করতে হবে। বিশেষ করে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য রাখাইনে একটা অনুকূল, এবং একটা সেফ পরিবেশ তৈরি করার প্রয়োজন আছে। অন্যথায় রোহিঙ্গারা রাখাইনে কোনোভাবে ফিরে যাবে না।

এরকমটা অবস্থায় রাখাইনে যাতে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়, সেজন্য এই রায়কে ভিত্তি করে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা নতুন চাপ তৈরি করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর মিয়ানমার যেহেতু আন্তর্জাতিক আদালতে অপরাধী সাব্যস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের রায়ে নানা ডিরেক্টিভের মধ্য দিয়ে দেশটিকে নানা ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে— ফলে এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা হচ্ছে এই রায়ের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

অষ্টম: রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে কোনো রাষ্ট্রকে জেনোসাইড সংঘটনের জন্য দায়ী করা হয়েছে। এর আগে কখনো কোনো রাষ্ট্রকে জেনোসাইড সংঘটনের জন্য দায়ী করা হয়নি। সুতরাং এটা মিয়ানমারের জন্য যেমন অত্যন্ত কলঙ্কজনক, তেমনই এটা পৃথিবীর ন্যায়বিচারের ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে চলমান আরো বেশ কয়েকটি মামলার রায়ের ক্ষেত্রেও একটা প্রেসিডেন্স হিসেবে কাজ করবে। ফলে এই রায়ের গুরুত্ব শুধু রোহিঙ্গাদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরঞ্চ অন্যান্য আরও অনেক আসন্ন রায়ের ক্ষেত্রে এই রায় উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে। ফলে এই রায়ের একটা কন্টিনিউটি এবং একটা সামষ্টিক তাৎপর্য রয়েছে— যা বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

এই রায়ের যতই গুরুত্ব থাক না কেন, সবচেয়ে বড় যে বিষয়টি সামনে এসে দাঁড়াবে, সেটা হচ্ছে এ রায়ের প্রয়োগ এবং বাস্তবায়নের বিষয়টি। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের কোনো প্রশাসনিক এবং রায় বাস্তবায়নের জন্য নিজস্ব কোনো ফোর্স নাই। ফলে এ রায় বাস্তবায়ন একটা বড় চ্যালেঞ্জের বিষয়। কেননা মিয়ানমার এই রায়কে প্রত্যাখ্যান করতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত এই রায়ের কপি জাতিসংঘকে দেবে।

জাতিসংঘ এই রায় বাস্তবায়নের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন এবং নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সিদ্ধান্ত না হলে— জাতিসংঘের পক্ষে এই রায় বাস্তবায়নের কোনো সুযোগ নেই। কেননা আমরা জানি, মিয়ানমার প্রশ্নে রাশিয়া এবং চীন সবসময় দেশটির পক্ষে তাদের ভেটো পাওয়ার ব্যবহার করে। এক্ষেত্রে যদি সেটা করে, তখন এ রায় বাস্তবায়নের বিষয়টি হবে সুদূরপরাহত নিঃসন্দেহে।

কিন্তু এ রায়ের মধ্যে দিয়ে রোহিঙ্গাদের স্বীকৃতি, ন্যায়বিচার প্রতিষ্ঠার উদাহরণ এবং আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে একটি জেনোসাইড সংঘটনকারী রাষ্ট্র হিসেবে যেভাবে ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি, এর মধ্যে দিয়ে একটা ইতিবাচক পরিবর্তন আসবে নিঃসন্দেহে। সবচেয়ে বড় কথা হচ্ছে, রোহিঙ্গারা তাদের একটা পরিচয় পেয়েছে।

তাদের বিরুদ্ধে যে জেনোসাইড সংঘটিত হয়েছে, তার বিচার পেয়েছে এবং বিশ্ববাসীর সামনে রোহিঙ্গাদের কষ্ট, অত্যাচারের ইতিহাস এবং রোহিঙ্গাদের পার্সিকিউশনের যে ইতিহাস, সেটা নতুন করে উপস্থাপিত হয়েছে এবং সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। এ মানুষগুলোর জন্য এটা খুব জরুরি ছিল।

ড. রাহমান নাসির উদ্দিন: নৃবিজ্ঞানী ও অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 

/এপিএইচ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা হাজার পর্যটক
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা হাজার পর্যটক
বিদায়ী ভাষণে এমপি প্রেমিকাকে বললেন, ‘উইল ইউ ম্যারি মি?’
বিদায়ী ভাষণে এমপি প্রেমিকাকে বললেন, ‘উইল ইউ ম্যারি মি?’
রোহিঙ্গা জেনোসাইডের রায়: রাজনৈতিক-কূটনৈতিক-আইনি গুরুত্ব
রোহিঙ্গা জেনোসাইডের রায়: রাজনৈতিক-কূটনৈতিক-আইনি গুরুত্ব
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি
সর্বশেষ সর্বাধিক