বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ ইদানিং বেড়েই চলছে, যে উত্তাপ শুধু গরম বক্তৃতাবাজি বা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলার মাধ্যমে নাশকতামূলক কাজের সাথে যোগ হয়েছে— একটা গোটা জেলায় বিদ্রোহের রূপ। নির্দিষ্ট ব্যক্তিত্বের বাড়িঘরের ওপর হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়।
গোপালগঞ্জে যেমন তিনজন বিএনপি সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তেমনই আওয়ামী লীগের সাবেক দুজন মন্ত্রী এবং দুজন সাবেক সংসদ সদস্যের বাসায়ও অগ্নি হামলা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে আগুন নিয়ে যে খেলা আবার শুরু হয়েছে, তা অতীতের এক অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়।
বাংলাদেশের রাজনৈতিক পরিভাষায় ‘আগুন সন্ত্রাস’ বলে একটা কথা যোগ হয় ২০১৪ সালের নির্বাচনের সময়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনি ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি এবং জামায়াত ২০১৪ সালের নির্বাচন শুধু বয়কট করেনি, তারা সেই নির্বাচন প্রতিহত করার জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নামে।
গণপরিবহন, মালবাহী ট্রাক ইত্যাদির ওপর পেট্রোল বোমা হামলা, বিভিন্ন জেলায় নির্বাচনি কেন্দ্র পুড়িয়ে দেওয়ার মতো ঘটনার প্রেক্ষিতে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস’ -এর অভিযোগ আনেন। প্রায় দেড় দশক পর আবার ‘আগুন সন্ত্রাস’-এর অভিযোগ তোলা হচ্ছে, তবে অভিযোগের আঙ্গুল এবার আওয়ামী লীগের দিকে।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম গত বছরের ১০ মে থেকে নিষিদ্ধ। তাদের কর্মীরা কোনও ঝটিকা মিছিল বের করলেই পুলিশ তাদের আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করছে, মামলা করছে। তবে শুধু পুলিশ না। আওয়ামী লীগের শাসনামলের সময় ছাত্রলীগের কর্মীরা যেভাবে পুলিশের সাথে বিরোধীদল দমনে মাঠে নামতেন, ইদানিং বিএনপিকর্মীদেরও পুলিশের সাথে রাস্তায় ‘আইন প্রয়োগ’ করতে দেখা যাচ্ছে।
এমন অভিযোগও করা হচ্ছে যে, বিএনপির নেতাকর্মীরা মানুষ থামিয়ে তাদের মোবাইল ফোন চেক করছে, আওয়ামী লীগের সাথে কোনও সম্পৃক্ততা আছে কি না, তা দেখার জন্য।
‘টুঙ্গিপাড়া লিমিটেড’
বিএনপিকর্মীদের এ ধরনের তৎপরতা অনেকেই অন্তর্বর্তী সরকারের আমলে ‘মব’ সহিংসতার সাথে তুলনা করছেন, যা চলতে থাকলে সাধারণ মানুষকে তিক্ত-বিরক্ত করে তুলতে পারে। অন্যদিকে, আওয়ামী লীগ চোরাগোপ্তা হামলার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যে কৌশল অবলম্বন করেছে বলে মনে হচ্ছে, তার ফলে কর্মীদের সক্রিয় করা গেলেও, সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে অনেকের ধারণা।
সরকারের জন্য সব চেয়ে বড় ধাক্কা এসেছে গোপালগঞ্জ জেলায়। প্রায় ১২ লাখ বাসিন্দার এই জেলায় গত ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচনে বিএনপি তিনটি আসনেই জয়লাভ করলেও, ধারণা করা হয় যে, রাজনৈতিক আধিপত্য বলতে যা বোঝায়, তা আওয়ামী লীগের হাতেই রয়ে গেছে। গত কয়েক দিনে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ ইত্যাদির পর প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জে সরকারের আদৌ কোনও নিয়ন্ত্রণ আছে কি না।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া এক ভাষণে আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ বলে বিষয়টি হালকা করার চেষ্টা করলেও, বাস্তবে দেখা যাচ্ছে পরিস্থিতি সেরকম হালকা নয়। বৃহস্পতিবার ‘লক ডাউন’ কর্মসূচির সময় দেখা গেলো— গোপালগঞ্জ শহর আওয়ামী লীগ সমর্থকদের দখলে। সরকারবিরোধী তৎপরতা আশে-পাশের জেলাতেও ছড়িয়ে পড়েছে।
এই সব কিছুই হচ্ছে ডিসেম্বর ঘিরে। দুই বছরের বেশি সময় ধরে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় পাঁচ মাস আগে ঘোষণা দেন যে, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। তখন থেকেই একটা আশঙ্কা জনমনে তৈরি হয়েছিল যে, ডিসেম্বর আসার আগে থেকেই হয়তো বড় ধরনের কোনও গণ্ডগোল শুরু হয়ে যাবে।
তবে সে সময় অনেকেই বলেছিলেন, হাসিনা আসলে ফেরার কোনও চেষ্টা করবেন না। তাদের যুক্তি ছিল যে, এই ঘোষণা তাঁর দলের মনোবল ভেঙে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করার একটা প্রচেষ্টা মাত্র। কিন্তু চলতি মাসের শুরুর দিক থেকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে।
‘তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই’
নভেম্বরের ৯ তারিখে শেখ হাসিনার আইনজীবীরা তাঁর জন্য নতুন পাসপোর্ট চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি লেখার পর থেকে চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে। এখন হাসিনার উদ্দেশ্য নিয়ে যত না প্রশ্ন উঠছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে— তিনি কীভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, আসার পর তাঁর পরিণতি কী হতে পারে, আগমনের ক্ষেত্র তৈরি করার জন্য পর্দার আড়ালে কোনও আলোচনা হচ্ছে কি না ইত্যাদি।
সরকার যে আওয়ামী লীগের নাশকতামূলক এবং রাজনৈতিক কার্যক্রম সিরিয়াসলি নেওয়া শুরু করেছে, তা বোঝা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ থেকে।
গত কয়েক দিনে রাজধানী ঢাকা এবং অন্যান্য জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত লোকজনকে গ্রেফতার করার ঘটনা পুনরায় বৃদ্ধি পেয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে জাতীয় মসজিদের সাবেক খতিব রুহুল আমিন এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও গ্রেফতার হয়েছেন।
ঘটনাপ্রবাহ দেখে মনে হচ্ছে, মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রমে নেতৃত্ব দিতে পারে বা প্রভাবিত করতে পারে, তেমন লোকজন ধরপাকড় করার কাজে পুলিশ বাহিনী এখন ব্যস্ত। তবে ৮১-বছর বয়স্ক নাহিদ বর্তমান সময়ের সংঘাতপূর্ণ রাজনীতিতে আদৌ কোনও ভূমিকা রাখতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
এই পরিস্থিতিতে সরকারের অবস্থান কী হতে পারে, তার ইঙ্গিত পাওয়া গেল সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ থেকে। ‘‘কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে তারা কোনও রাজনৈতিক দল নয়। তারা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী,’’ রহমান তাঁর ভাষণের এক পর্যায়ে বলেন। ‘‘চব্বিশে আমরা যেভাবে পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদের আবার চব্বিশের চেতনায় মাথা গুঁড়িয়ে দিতে চাই।’’
‘সন্ত্রাসী’ আওয়ামী লীগ
এখানে লক্ষণীয় যে, প্রধানমন্ত্রী যখন আওয়ামী লীগের মাথা গুঁড়ানোর ইচ্ছা ব্যক্ত করেন, তখন সংসদ কক্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উপস্থিত সদস্যরা সবাই টেবিল চাপড়ে সমর্থন দেন। অর্থাৎ, এই সংসদে মূলত যে তিনটি দল আছে— বিএনপি, জামায়াত এবং এনসিপি, তারা সবাই আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। তারা কেউ চায় না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মাথা গুঁড়ানোর পক্ষে যুক্তি হিসেবে তাদের কার্যক্রমকে ‘সন্ত্রাসী’ কার্যক্রম হিসেবে তুলে ধরেন। অর্থাৎ, এই দল যেহেতু যাবতীয় ‘সন্ত্রাসী’ কার্যক্রম করে বেড়াচ্ছে, তাই তাদের আর রাজনৈতিক দল হিসেবে গণ্য করা যাবে না। ধরে নেওয়া যায়, তারেক রহমান তাঁর ভাষণের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কবর দেওয়ার ঘোষণা দিলেন।
তবে প্রধানমন্ত্রী নিশ্চয় সচেতন আছেন যে, আওয়ামী লীগের ‘কবর’ গত দুবছরে বেশ কয়েকবার ঘোষণা করা হয়েছিল। ‘আওয়ামী লীগের পতন হয়েছে ঢাকায়, কবর হয়েছে দিল্লিতে,’ এই বক্তব্য একাধিকবার ২০২৪ এর আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক নেতার মুখে শোনা গেছে। রহমান যে তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, সেটা রাগবসত করছেন, নাকি নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে করছেন, তা হয়তো আগামী এক-দুই মাসে বোঝা যাবে।
তবে রহমান যখন সংসদে ঘোষণা দেন যে, তিনি তাঁর প্রতিপক্ষের ‘মাথা গুঁড়িয়ে’ দিতে চান, তখন তাঁর সংকল্প নিয়ে সন্দেহ করার কোনও কারণ থাকতে পারে না।
প্রধানমন্ত্রী অন্য সকল দল, যারা ২০২৪ এ আওয়ামী-বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের ঐক্যবদ্ধ হয়ে লীগকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়ে সংসদে ঐকমত্য থাকা সত্ত্বেও, এটা কার্যকর করা কতটুকু সম্ভব হবে? জামায়াত ইতোমধ্যেই ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। কিন্তু এই জামায়াতের বিরুদ্ধেই প্রধানমন্ত্রী কিছুদিন আগে আওয়ামী লীগের সাথে যোগসাজশে গার্মেন্টস অসন্তোষে যুক্ত থাকার আভিযোগ তুলছিলেন!
আগুনে ঘি নাকি পানি?
এখানে প্রশ্ন হচ্ছে, দিল্লিতে থাকা শেখ হাসিনা তারেক রহমানের ভাষণ কীভাবে নেবেন? তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে তাঁর প্রতি ছুঁড়ে দেওয়া একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখবেন। এই ভাষণের প্রভাবে হাসিনার দেশে ফেরার পথ যে রুদ্ধ হয়ে যেতে পারে, শুধু তাই নয়; আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল।
এই পরিস্থিতি উল্টে দিতে শেখ হাসিনা তাঁর দিক থেকে চাপ আরও বাড়িয়ে দেওয়ার কথা ভাবতে পারেন। কিন্তু তার ফলে দেশের পরিস্থিতি আরও নাজুক, আরও অস্থিতিশীল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর ভাষণ তাঁর অনুসারীরা একটি ‘রণ হুংকার’ হিসেবে নিতে পারে; তারাও তারেক রহমানের কথাকে শেখ হাসিনার প্রতি ছুঁড়ে দেওয়া একটি চ্যালেঞ্জ হিসেবে গণ্য করতে পারে। কিন্তু বিএনপিকর্মীরা কি এটাকে সহিংসতার লাইসেন্স হিসেবে দেখবে, নাকি শুধু আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার, এবং প্রয়োজনে প্রতিহত করার নির্দেশ হিসেবে দেখবেন?
যদি দ্বিতীয়টি হয়, তাহলে সরকার এবং জনগণ একটু স্বস্তি পেতে পারে। দেশের অর্থনীতির যে করুন হাল, তাতে রাজনীতি যত নিরুত্তাপ হবে, ততই মঙ্গল। আওয়ামী লীগ আগুন লাগানোর চেষ্টা করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে, সরকার বা ক্ষমতাসীন দল সেই আগুনে ঘি ঢালবে। ঘি নয়, সরকারকে ঢালতে হবে পানি।
লেখক: একজন সাংবাদিক এবং পডকাস্টার
ইমেইল: [email protected]