বাংলাদেশের রাজনীতিতে আবারও সংঘাত-উত্তেজনার ঢেউ বয়ে যাচ্ছে। আর এর কেন্দ্রে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা, দেশব্যাপী অবরোধের ডাক, ঝটিকা মিছিল ও বিক্ষোভের চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। অন্যদিকে সরকারও কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। ফলে দেশে রাজনৈতিক সংঘাত ও অনিশ্চয়তার নতুন আশঙ্কা দেখা দিয়েছে।
এখানে একটি বিষয় প্রথমেই পরিষ্কার করা দরকার। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সত্যিই দেশে ফেরার বাস্তবতা এক বিষয় নয়। তিনি কীভাবে, কোন পথে এবং কোন আইনি ও কূটনৈতিক পরিস্থিতিতে তিনি ফিরবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই। ফলে তাঁর প্রত্যাবর্তন এখনো একটি ঘোষিত রাজনৈতিক অভিপ্রায়, নিশ্চিত বাস্তব ঘটনা নয়।
শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আমূল বদলে গেছে। ২০২৪ সালের জুলাই- আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর দলটির শীর্ষ নেতাদের অনেকে দেশ ছেড়েছেন, কেউ আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে গ্রেফতার হয়েছেন। আন্দোলন দমনে ব্যাপক প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় বাহিনীর সহিংস ভূমিকার অভিযোগে আওয়ামী লীগের শাসনামল নিয়ে গুরুতর বিচারিক ও রাজনৈতিক প্রশ্ন তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করা হয়।
এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্দশার বিষয়টিও উপেক্ষা করা যায় না। একটি দলের শীর্ষ নেতৃত্বের অপরাধ বা রাজনৈতিক ব্যর্থতার দায়ে দলের প্রত্যেক সদস্যকে অপরাধী হিসেবে বিবেচনা করা ন্যায়বিচারের নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। যাঁদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, দুর্নীতি, লুটপাট কিংবা মানবাধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাঁদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি, গ্রেফতার, কিংবা তাঁর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিচার হবে আদালতে, জনতার হাতে নয়। মব সন্ত্রাস কখনো ন্যায়বিচারের বিকল্প হতে পারে না।
অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাম্প্রতিক তৎপরতাকেও নিছক স্বাভাবিক কর্মসূচি বলে দেখার সুযোগ নেই। দলটির বিভিন্ন ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। কোথাও রেলপথের ক্ষতি, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা, আবার কোথাও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক কর্মসূচির নামে জনজীবন বিপর্যস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে এসব নাশকতার প্রতিটি ঘটনার পেছনে কেবল আওয়ামী লীগের নেতাকর্মীরাই রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোও ঠিক হবে না। কোনো ঘটনায় দলটির সমর্থকদের সম্পৃক্ততার তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্ব স্বীকার কিংবা পুলিশের অভিযোগ থাকতে পারে। কিন্তু প্রতিটি ঘটনার ক্ষেত্রে অপরাধী শনাক্ত, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তৃতীয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীও নাশকতা ঘটাতে পারে। তাই তদন্তের আগেই সব ঘটনার দায় একটি দলের ওপর চাপানো যেমন দায়িত্বহীনতা, তেমনই প্রমাণিত অপরাধকে রাজনৈতিক কর্মসূচির নামে আড়াল করাও বিপজ্জনক। অপরাধীর পরিচয় নয়, অপরাধের প্রমাণই হওয়া উচিত বিচারের ভিত্তি।
আওয়ামী লীগের বর্তমান তৎপরতার পেছনে রাজনৈতিক হিসাবও রয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এবং সাংগঠনিকভাবে বিপর্যস্ত একটি দল আবার নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইবে, সেটি অস্বাভাবিক নয়।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা সেই প্রচেষ্টায় নতুন প্রাণ সঞ্চার করেছে। কিন্তু প্রশ্ন হলো, কীভাবে তারা রাজনীতিতে ফিরতে চায়? গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। অতীতের ভুল, অপরাধ ও কর্তৃত্ববাদী শাসনের দায় স্বীকার করে আত্মসমালোচনার মধ্য দিয়ে যেতে হবে।
কেবল নেত্রীর প্রত্যাবর্তনের স্লোগান, হরতাল-অবরোধ কিংবা সহিংস কর্মসূচি দিয়ে রাজনৈতিক গ্রহণযোগ্যতা ফিরে পাওয়া সম্ভব নয়। জনগণের সমর্থন আদায়ের পথ হলো— যুক্তি, কর্মসূচি, জবাবদিহি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতা।
একইভাবে বর্তমান সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষেরও মনে রাখা দরকার, কোনো দলকে নিষিদ্ধ করা কিংবা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য কল্যাণকর নয়। আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। স্বাধীনতা আন্দোলনে দলটির নেতৃত্ব ও ভূমিকা রয়েছে। একই সঙ্গে স্বাধীনতার পরবর্তী ইতিহাসে দলটির শাসনামলের নানা অর্জনের পাশাপাশি গুরুতর ব্যর্থতা, দমন-পীড়ন ও বিতর্কিত কর্মকাণ্ডও রয়েছে। একটি দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শেষ পর্যন্ত জনগণের। তবে সেই অধিকার প্রয়োগের জন্য প্রয়োজন অবাধ রাজনৈতিক প্রতিযোগিতা, আইনের শাসন এবং গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ।
দেশের অর্থনৈতিক বাস্তবতাও রাজনৈতিক স্থিতিশীলতার দাবি জানাচ্ছে। ২০২০ সালের করোনা মহামারির অভিঘাত, পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মূল্যস্ফীতি, ডলারসংকট, জ্বালানি ও খাদ্যপণ্যের উচ্চমূল্য—সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পরিবর্তন সেই চাপকে আরও জটিল করেছে। বিনিয়োগে অনিশ্চয়তা, কর্মসংস্থানের সংকট, শিল্প উৎপাদনে প্রতিবন্ধকতা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে নতুন করে রাজনৈতিক সংঘাত, সড়কে আগুন, যানবাহন ভাঙচুর, কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা শুরু হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই। পুঁজি ও বিনিয়োগ নিরাপদ না থাকলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না।
রাজনীতির এই সংঘাতময় বাস্তবতায় সবচেয়ে বেশি অসহায় সাধারণ নাগরিক। অফিসে যেতে পারেন না, দোকান খুলতে পারেন না, সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পান। বাসে আগুন লাগলে প্রাণ হারান নিরীহ যাত্রী, বোমা বিস্ফোরণে আহত হন পথচারী, রাজনৈতিক সংঘর্ষে বন্ধ হয়ে যায় হাসপাতালমুখী মানুষের যাত্রা। ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের জীবন ও জীবিকা যেন বারবার জিম্মি হয়ে পড়ে। অথচ রাষ্ট্রের প্রথম দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।
এখন প্রয়োজন প্রতিশোধের রাজনীতি নয়, দায়িত্বশীল রাজনীতি। সরকারকে একদিকে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর হতে হবে, অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। গ্রেফতার ও মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ, স্বচ্ছ তদন্ত এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিচারবহির্ভূত হত্যা, মব সন্ত্রাস, বাড়িঘরে হামলা কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে সামাজিকভাবে নিশ্চিহ্ন করার প্রবণতা বন্ধ করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বকেও সহিংস কর্মসূচি থেকে সরে এসে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার পথ খুঁজতে হবে। জনগণের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার অধিকার যেমন রয়েছে, তেমনই অন্যের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার কারও নেই।
শেখ হাসিনা দেশে ফিরবেন কী ফিরবেন না, আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হবে কী হবে না—এসব প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কোন পথে এগোবে? একটি দেশ অনির্দিষ্টকাল রাজনৈতিক প্রতিহিংসা, নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি কর্মসূচি ও সহিংসতার মধ্যে চলতে পারে না। যারা অতীতে ক্ষমতায় ছিল, তাদের অপরাধের বিচার হতে হবে। যারা বর্তমানে ক্ষমতায় আছে, তাদেরও জবাবদিহির মধ্যে থাকতে হবে।
গণতন্ত্রের সৌন্দর্যই হলো, এখানে কেউ স্থায়ী শাসক নয়, কেউ স্থায়ী বিরোধীও নয়। ক্ষমতা বদলাবে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনের শাসন ও নাগরিক অধিকার অটুট থাকবে। মনে রাখতে হবে, বাংলাদেশ কোনো একটি দলের সম্পত্তি নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের একক অধিকার নেই এই দেশের ওপর। দেশটি সব নাগরিকের, সব রাজনৈতিক মত ও পথের মানুষের। মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, এমনকি কঠিন বিরোধিতাও থাকবে।
কিন্তু সেই বিরোধিতা যেন রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। রাজনৈতিক নেতৃত্বের কাছে এখন দেশবাসীর প্রত্যাশা—সংযম, সহনশীলতা, দায়িত্বশীলতা ও বাস্তববোধের পরিচয় দিন। এই সহজ সত্যটি যত দ্রুত আমাদের রাজনীতিকরা উপলব্ধি করবেন, বাংলাদেশের ভবিষ্যৎ তত দ্রুত অনিশ্চয়তার অন্ধকার থেকে বেরিয়ে আসবে। এটাই এখন জরুরি। রাজনীতির সব পক্ষকে এই বাস্তবতা বুঝে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে, দেশের স্বার্থেই।
লেখক: গণমাধ্যমকর্মী ও কলামিস্ট