প্ল্যান বাংলাদেশ যশোর শাখার রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার মান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার স্ত্রী তাসনুবা আইরিন ও ছেলে পার্বন এ অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহরিয়ার মান্নান।
আইরিন বলেন, মান্নান ২০০৬ সালে বেকার হয়ে পড়েছিলেন। এরপর তিনি আমার বাবার টাকায় এমবিএ করেছেন। চাকরি পেয়েছেন প্ল্যান বাংলাদেশে। এরপরও মান্নান বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিত। আমার সুখের কথা চিন্তা করে বাবা আব্দুল হাই সংসারের আসবাবপত্র কিনে দিয়েছেন। আমার বাবার টাকায় তিনি পবিত্র ওমরাহ করেছেন। তার চাহিদা অনুযায়ী আইফোন, ফ্রিজ, ল্যাপটপও কিনে দিয়েছেন আমার বাবা। কিন্তু দিন দিন তার চাহিদা বাড়তে থাকে। সর্বশেষ তিনি পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। না দিতে পারলে আমাকে সংসার ত্যাগ করতে বলেন।
আইরিন অভিযোগ করেন, মান্নান আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সংসারের কোনও খরচ দেন না। খোঁজ নিয়ে জানতে পারি মান্নান তার ঢাকা অফিসের এক স্টাফের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এ বিষয় জানতে চাইলে মান্নান আমার সঙ্গে খারাপ আচরণ শুরু করে। গত ৫ মে তাকে হাতেনাতে ধরে ফেলি। এরপর থেকে তিনি আমাকে যশোর ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তারপরও সব কিছু মেনে দিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার আঁকড়ে থাকি।
আইরিন আরও জানান, গত ২০ জুন পারিবারিক আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মান্নানের মতো নারী নির্যাতনকারীরা কোনওদিন নারী ও শিশুদের সুরক্ষা দিতে পারে না। আমি তার মুখোশ খুলে দিতে চাই।
সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইরিনের বাবা আব্দুল হাই, ছেলে শাহরিয়ার পার্বন ও তার আইনজীবী শাহরিয়ার বাবু।
তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহরিয়ার মান্নান বলেন, যৌতুকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাছাড়া পারিবারিক সমস্যার কারণে গত ৫ মে তাকে আমি ডিভোর্স দিয়েছি। আমাকে নাজেহাল করতেই এখন যৌতুক আর নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে।
- ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন
- মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র
/এমও/