সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘নির্বাচন যথাসময়েই হবে এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’ 

শনিবার (১ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাড়িতে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আগামী নির্বাচন প্রসঙ্গে হানিফ আরও বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু হচ্ছে কিনা, বিদেশি বন্ধুরা যদি তা পর্যবেক্ষণ করতে চান তাহলে আসতে পারেন। যতসংখ্যক পর্যবেক্ষক আসতে চান, আসতে পারেন। এমনকি প্রতিটি কেন্দ্রও তারা পর্যবেক্ষণ করতে পারেন।’

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সংগঠন ব্রিকসে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে যেকোনও সংস্থার সদস্য হওয়াটা গর্বের বিষয়। বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এমন সংবাদে বিএনপি ঈর্ষান্বিত হচ্ছে।’

এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।