মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কোনও শিক্ষক, কোনও ছাত্রকে রাস্তায় দাঁড় না করানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৩ মার্চ) চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার দৃশ্য দেখে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ফুলের মালা, ফুলের তোড়া এগুলো কেউ আর দিতে পারবে না। শতভাগ নিষিদ্ধ। আমাকে সাধারণ লোকের মতো চলতে হবে। কখনও কোনও শিক্ষক কোনও ছাত্রকে আমার জন্য দাঁড় করাবেন না।
‘আমি যেখানে যাবো, কোনও শিক্ষককে আর কোনোদিন কোনও রাস্তায় দাঁড়া করাবেন না।’
এরপর দ্রুত তাদের ছুটি দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।