কুড়িগ্রাম জেলা সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তঃউপজেলা বদলির আদেশ স্থগিত হওয়ার পরও নিজ নিজ কর্মস্থলে ফেরেননি ১২ সহকারী শিক্ষক। দেড় মাসেরও বেশি সময় ধরে তারা নিজ নিজ কর্মস্থল স্কুলে অনুপস্থিত রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই ১২ শিক্ষককে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান নিজ কাযালয়ে ডেকে সতর্ক করার পরও তারা স্কুলে ফেরেননি বলে জানা গেছে। সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে ওই শিক্ষকদের স্কুলে না ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিকালে বদলির আদেশ জারি করে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কমিটির সদস্য সচিব। নীতিমালা লঙ্ঘন করে বদলির অভিযোগ ওঠায় পরের দিন ৩০ সেপ্টেম্বর বদলির আদেশ স্থগিত করে পত্র জারি করে কমিটি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদরের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির ইচ্ছা পোষণ করে আবেদন করেন ৪৩ শিক্ষক। ২৯ সেপ্টেম্বর আবেদনকারীদের মধ্য থেকে ১২ শিক্ষককে বদলির আদেশ জারি করে সংশ্লিষ্ট কমিটি।
বদলি সংক্রান্ত নথিপত্র এবং আদেশ যাচাই করে দেখা গেছে, ১২ শিক্ষকের মধ্যে ৮ শিক্ষককে নীতিমালা লঙ্ঘন করে বদলির আদেশ দেওয়া হয়। বিতর্কিত বদলির আদেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা স্থগিত করে বদলি কমিটি।
কিন্তু ওই ১২ শিক্ষক স্থগিত আদেশ না মেনে বদলি করা (স্থগিত) বিদ্যালয়ে যোগদান করে হাজিরা স্বাক্ষর করতে থাকেন। তাদেরকে পূর্বের কর্মস্থল স্কুলে ফেরার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করেন। দীর্ঘ প্রায় দেড় মাস ধরে তারা নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
শিক্ষকদের নির্দেশনা অমান্য করার বিষয়টি সদর ইউএনও’র নজরে এলে তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় ওই ১২ শিক্ষককে নিজ কার্যালয়ে ডেকে পাঠান। স্থগিত আদেশ অমান্য করার বিষয়ে তাদেরকে সতর্ক করেন।
সদর উপজেলা প্রাথমিক অফিসের এক শিক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ওই ১২ শিক্ষক ইউএনওর কার্যালয় থেকে বের হলেও আর কর্মস্থল স্কুলে ফেরেননি। ইউএনওর নির্দেশনা অমান্য করে তারা স্কুলে অনুপস্থিত থাকেন। শুনেছি, তারা সবাই মিলে নাকি স্থানীয় এক বিএনপি নেতার কাছে গিয়েছিলেন। তারা হয়তো ইউএনওর ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছেন।’
বৃহস্পতিবার ওই ১২ শিক্ষকের কর্মস্থল স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, বদলির আদেশ হওয়ার পর তা স্থগিত হলেও ওই ১২ শিক্ষক পূর্বের স্কুলে ফেরেননি। বৃহস্পতিবারও তারা অনুপস্থিত ছিলেন।
তালিকায় থাকা ১২ শিক্ষকদের একজন রোখসানা পারভীন। তিনি সদরের চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওই স্কুলের প্রধান শিক্ষক ছালেহা খাতুন বলেন, ‘রোখসানা স্কুলে আসেন না। শুধু আজ নয়, ২০২৫ সালের নভেম্বর মাসে তার ডেপুটেশনের মেয়াদ শেষ হলেও তিনি স্কুলে ফেরেননি। তিনি দীর্ঘ ১১ মাসেরও বেশি সময় ধরে স্কুলে অনুপস্থিত। কোন আদেশের বলে তিনি স্কুলে আসেন না তা আমার জানা নেই। আমি কোনও আদেশের কপি পাইনি।’
আরেক শিক্ষক ফারুক হোসেন। তিনি সদরের ১ নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওই স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান বলেন, ‘বদলির আদেশ স্থগিত হলেও ফারুক হোসেন আর স্কুলে আসেননি। অক্টোবর মাসের ১ তারিখ থেকে তিনি এই স্কুলে অনুপস্থিত। স্থগিত আদেশের পরও তিনি কোন আদেশ বলে আরেক স্কুলে হাজিরা দিচ্ছেন তা আমার জানা নেই।’
অন্য শিক্ষকদের স্কুলগুলোতে খোঁজ নিয়েও তাদের অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কর্মস্থলে অনুপস্থিত থাকা সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘শুধু আমি কেন, ১২ জনের সবাই পূর্বের বিদ্যালয়ে অনুপস্থিত। আমরা বদলি আদেশ স্থগিতের খবর পেয়েছি, কিন্তু তার আগে বদলি করা স্কুলে যোগদান করেছি। এখন কর্তৃপক্ষ লিখিতভাবে আমাদের ফিরে যেতে বললে আমরা ফিরে যাবো।’
এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ঢাকায় থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। তবে বদলি করা বিদ্যালয়ে ওই ১২ শিক্ষকের যোগদানপত্র তিনি গ্রহণ করেননি বলে জানা গেছে।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘আমি মৌখিকভাবে বদলি আদেশ স্থগিত করার পর লিখিত আদেশও জারি করা হয়েছিল। বদলির আদেশ স্থগিত হওয়ার পরও কেন ওই ১২ শিক্ষক তাদের নিজ নিজ স্কুলে ফেরত যাননি তা জানতে আজ তাদের ডেকেছিলাম। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আগামী রবিবার তারা নোটিশ পাবেন। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পূর্বের বদলির আদেশের অসঙ্গতি দূর করে নতুন আদেশ জারি করতে কিমিটির সভার সিদ্ধান্ত নেওয়া হবে।’