মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোররাতের দিকে বামুন্দী বাসস্ট্যান্ডের খোকন এন্টারপ্রাইজ নামে একটি টায়ারের দোকানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে ঘটনার পর সকাল ৮টার পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। পরে মেহেরপুর জেলা পুলিশের সার্কেল এএসপি মেহেদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন এন্টারপ্রাইজে ভোর ৫টার দিকে পাঁচ সদস্যের একটি চোরচক্র পিকআপ নিয়ে টায়ার চুরি করতে আসেন। ওই দোকানের তালা ভেঙে সেখান থেকে তিন জোড়া ট্রাকের টায়ার পিক-আপে তুলে নেন তারা। এ সময় দোকান মালিক ও স্থানীয়রা ধাওয়া দিলে চার জন পালিয়ে গেলেও নিহত ব্যক্তি স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার হোসেন বলেন, ‘আমি রাতে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। পরে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, দোকানের সামনে একটি নীল রঙের পিকআপ ভ্যানে টায়ার তোলা হচ্ছে। আমি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় একজনকে আটক করা হয়, যিনি পরে পিটুনির শিকার হন।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।