বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে শারমিন আক্তার লিজা (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকার সাভারের আমিন বাজার ইউনিয়নের বড়দেশীর হাজীনগর এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।

নিহত শারমিন আক্তার লিজা ঢাকার কেরানীগঞ্জের আগানগর গ্রামের শওকত হোসেনের মেয়ে। তিনি এক মেয়ে নিয়ে আমিনবাজারে ভাড়া বাসায় থেকে রাজধানীতে একটি প্রসাধনী কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে সামিয়া আক্তার তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। পরে সন্ধ্যায় বাসায় ফিরে বিবস্ত্র অবস্থায় বিছানার ওপর মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।  এরপরে প্রতিবেশীরা এসে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাভার মডেল থানায় খবর দেন।

সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।