নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ অপ্রাপ্তবয়স্ককে আটক

পটুয়াখালীর কুয়াকাটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার সময় ১৪ শিশুসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুয়াকাটা এলাকার হোটেল প্রেসিডেন্ট পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে কুয়াকাটা পৌরসভাধীন হোটেল প্রেসিডেন্ট পার্কের সামনে বেড়িবাঁধের পাকা রাস্তার ওপর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে আকস্মিক মিছিল বের করে। খবর পেয়ে মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে পালানোর সময় ১৯ জনকে আটক করা হয়। এ সময় আরও ৪ জনসহ অজ্ঞাত ৩০/৩৫ জন কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানায়, আটকদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে। এ ছাড়া গ্রেফতার আসামি আবুল কালাম খানের (১৯) হেফাজত থেকে একটি বিতর্কিত স্লোগানসংবলিত ব্যানার এবং ১৫টি কালো মাস্ক জব্দ করা হয়। জব্দ করা ব্যানারে লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা এবং অবৈধ ট্রাইব্যুনালের কালো আইন প্রত্যাহার করতে হবে’।

এ ঘটনায় এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। 

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, গ্রেফতার প্রাপ্তবয়স্ক আসামি এবং শিশুদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।