ভোলার দৌলতখান থানার ওসি ফখরুল ইসলামকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দৌলতখান পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে ওই ব্যক্তিকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, কালো রাতে দেখছিলাম এরকম হয় স্যার। আপনি দৌলতখানে এরকম করতেছেন কেন। ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসবো, আপনি দৌলতখানের অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন। আপনাদের ভাইদেরকে (পুলিশ) হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল স্যার। আমরা এলে বিচার পাবেন স্যার।
ওসি ফখরুল ইসলাম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বিভিন্ন এলাকায় পুলিশের টহল কার্যক্রম চলছিল। রাত আনুমানিক ১১টার দিকে তার সরকারি মোবাইল নম্বরে ফোন করে ওই ব্যক্তি এসব কথা বলেন এবং হুমকি দেন।
ওসি আরও বলেন, ফোন করা ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে তারা নিশ্চিত হয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই ব্যক্তির বিরুদ্ধে দৌলতখান থানায় তিনটি এবং ভোলা সদর মডেল থানায় একটি মোট চারটি নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে বলেও জানান তিনি।