চট্টগ্রামের রাউজানে আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলার এসপি মাসুদ আলম জানান, গ্রেফতার বুলেট রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। এলাকায় সে কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে বুলেট জানায়, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভান্ডার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলেট আরও জানায়, সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতো। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখতো। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতো। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও সেগুলোর ছবি-ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুলেটের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজিতে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে।