ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনের উপর থাকা স্থগিতাদেশ বাতিল করেছেন আদালত। আগের আদেশ বাতিল করে যে কোনও সময় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার আপিল বিভাগ এই আদেশ দেন ।
বালিগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও ধর্মপুর ইউপির আওয়ামী লীগ প্রার্থী শাহাদাত হোসেন সাকা জানান, এ দুটি ইউনিয়নে নির্বাচনে স্থগিতাদেশ বাতিল চেয়ে চেম্বার জজ আদালতে পৃথক দুটি রিট আবেদন করেন তারা। পরে প্রধান বিচারপতি এস কে সিনহা আবেদন দুটি আপিল বিভাগে স্থানান্তর করলে বৃহস্পতিবার ওই স্থগিতাদেশ বাতিল করা হয়।
আদেশে আরও বলা হয়, কমিশন ইচ্ছে করলে যে কোনও সময় এ দুটি ইউপিতে নির্বাচন আয়োজন করতে পারবে।
ফেনী জেলা নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, এ ব্যাপারে তিনি শুনেছেন। তবে তার কাছে এখনও নির্বাচন কমিশন থেকে কোনও নির্দেশনা আসেনি।
প্রসঙ্গত সীমানা জটিলতার কারণ দেখিয়ে এর আগে ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নে নির্বাচন স্থগিতে উচ্চ আদালতে পৃথক রিট করেন নজরুল ইসলাম ও আক্রামুজ্জামান। পরে ৩১ মে ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্টের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন ও মো. বদরুজ্জামান।
আরও পড়ুন:
শ্যামল কান্তি ভক্তের ঘরে ফেরা
/এসটি/